আড়াল থেকে উঁকি দিয়ে পরীক্ষার্থীদের নজরে রাখলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

পরীক্ষাকেন্দ্রের পুরোনো ভবনের বারান্দার ধুলোমাখা জানালার কাচের একটি সরু ফাঁক দিয়ে নিবিষ্ট মনে ভেতরে তাকিয়ে আছেন এক ব্যক্তি। এক হাত

2026-04-18T17:42:13+00:00
2026-04-18T17:45:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
আড়াল থেকে উঁকি দিয়ে পরীক্ষার্থীদের নজরে রাখলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:৪২ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ৫:৪৫ পিএম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
পরীক্ষাকেন্দ্রের পুরোনো ভবনের বারান্দার ধুলোমাখা জানালার কাচের একটি সরু ফাঁক দিয়ে নিবিষ্ট মনে ভেতরে তাকিয়ে আছেন এক ব্যক্তি। এক হাত পেছনে রাখা, চোখে চশমা, কানে এয়ারপড-প্রথম দেখায় সাধারণ কেউ মনে হলেও, আদতে তিনি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রথাগত প্রটোকল ভেঙে মন্ত্রীর এমন ব্যতিক্রমী পরিদর্শনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

​শনিবার (১৮ এপ্রিল) সকালে এনটিআরসিএর অধীনে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালীন রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে প্রথাগত আড়ম্বরপূর্ণ পরিদর্শনের বাইরে গিয়ে তাঁর এই ‘নিবিড় পর্যবেক্ষণ’ নজর কেড়েছে সংশ্লিষ্ট সকলের।


​মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তিনি কেন্দ্রের একটি হলের বাইরে নিঃশব্দে দাঁড়িয়ে জানালার কাচের ফাঁক দিয়ে ভেতরের পরিবেশ দেখছেন। ওপাশে আবছা অন্ধকারে তখন গভীর মনোযোগে পরীক্ষা দিচ্ছিলেন প্রার্থীরা। মন্ত্রী যেন বাইরে থেকেই পরখ করে নিচ্ছিলেন হলের ভেতরের প্রকৃত শৃঙ্খলা ও স্বচ্ছতা।


​এদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হওয়ার পর ড. মিলন একে একে রাজধানীর সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। কেন্দ্র সচিবদের সঙ্গে আলাপকালে মন্ত্রী সাফ জানিয়ে দেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়। এ বিষয়ে তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।


​নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে চার ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ‘ক’ গ্রুপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সূচি অনুযায়ী, ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা এবং সবশেষ ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

​উল্লেখ্য, ঢাকার মোট ৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এই নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরবিএন 


  বিষয়:   শিক্ষা  প্রাথমিক  গণশিক্ষা  মন্ত্রী  এহছানুল  মিলন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: