দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ফরাসি কন্টিনজেন্টের ওপর হামলায় এক সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) সকালে দক্ষিণ লেবাননে এই হামলার ঘটনা ঘটে।
নিহত ফরাসি সেনা সার্জেন্ট মেজর ফ্লোরিয়ান মন্টোরিও। তিনি ফ্রান্সের ১৭তম প্যারাশুট ইঞ্জিনিয়ার রেজিমেন্টের সদস্য ছিলেন।
হামলায় আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ঘটনার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, সংগৃহীত তথ্য ও প্রমাণ অনুযায়ী হামলার পেছনে হিজবুল্লাহর সংশ্লিষ্টতা রয়েছে।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে একাধিক স্থানে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
দেশটির সামরিক বাহিনী হামলার বিষয়টি স্বীকার করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তাদের অবস্থানের দিকে শত্রু যোদ্ধারা এগিয়ে আসায় ‘আত্মরক্ষার্থে’ এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই যোদ্ধারা ‘তাৎক্ষণিক হুমকি’ সৃষ্টি করেছিল।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রথম এ যুদ্ধবিরতির ঘোষণা দেন।
হামলার এই ঘটনার পর নতুন করে অঞ্চলটিতে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।