হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের বেগমপুর গ্রামে জমির বিরোধ নিয়ে দুইপক্ষে সংঘর্ষে মঞ্জুরুল মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী পুরুষসহ আরও ২০জন আহত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মনজুরুল বেগমপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে বেগমপুর গ্রামের হেলাল মিয়া ও খলিলুর রহমানের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রোববার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী পুরুষসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
গুরুতর আহত মঞ্জুরুল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকটি বাড়ীঘরে ভাঙচুর করা হয়।
মৃত্যু ও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/জোই