তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, খুব শিগগিরই দশম সংবাদপত্র মজুরি বোর্ড (ওয়েজবোর্ড) গঠনের কাজ শুরু করা হবে।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধী দলীয় সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম ওয়েজবোর্ড গেজেট আকারে প্রকাশ করা হলেও সাংবাদিক ও সংবাদপত্র মালিকদের মধ্যে আয়কর সংক্রান্ত মতবিরোধের কারণে এটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ নিয়ে বর্তমানে একাধিক মামলা চলমান থাকায় কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে।
মন্ত্রী আরও জানান, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে বর্তমানে ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব আইনি জটিলতা সমাধানের পাশাপাশি নতুন করে দশম ওয়েজবোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল গঠন করেছে। এর মাধ্যমে হামলা, হুমকি ও ডিজিটাল হয়রানির শিকার সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে।
ভুয়া সাংবাদিকতা রোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি অনলাইন ডাটাবেজ তৈরির কাজ করছে বলেও তিনি জানান। এতে প্রকৃত সাংবাদিকদের তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত পরিচয় সংরক্ষণ করা হবে।
এছাড়া প্রেস কাউন্সিল আইন আধুনিক ও সময়োপযোগী করার কাজও চলছে বলে জানান তিনি।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, অসুস্থ ও কর্মক্ষমতা হারানো সাংবাদিকদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ১ হাজারের বেশি সাংবাদিক ও তাদের পরিবার এ সহায়তা পেয়েছে।
তিনি আরও জানান, সাংবাদিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে এবং রমজান মাসে কয়েক হাজার সাংবাদিক পরিবারকে ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে।
টেলিভিশন সম্প্রচার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে চারটি সরকারি টিভি চ্যানেল রয়েছে এবং অনুমোদিত ৫৫টি বেসরকারি চ্যানেলের মধ্যে ৩৭টি সম্প্রচারে আছে। নতুন কোনো টিভি চ্যানেলের অনুমোদন এখনই বিবেচনায় নেই।
/ইউএমএইচ