ঈদুল ফিতরে মুক্তি পাওয়া দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’ নিয়ে তৈরি হয়েছিল নানা জটিলতা। হলে সিনেমাটির মুক্তি থেকে শুরু করে সাউন্ড, কালার ও ভিএফএক্স নিয়ে ছিল অভিযোগ। এবার সেসব নতুনভাবে ঠিক করে এর আপডেট ভার্সন মুক্তি পেয়েছে ইতালির ভেনিস ও রোম শহরে। এই দুটি শহরের দুটি সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শন শুরু হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, কিছু কারেকশনের মাধ্যমে সিনেমাটির ডিজিটাল ফাইল নতুন করে সংস্করণ করা হয়েছে। ইতালিতে প্রদর্শনের মধ্য দিয়েই প্রিন্সের আপডেট ভার্সন মুক্ত করা হলো। দেশে মুক্তির সময় সাউন্ড, কালার ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যে অভিযোগ ছিল, উন্নত সংস্করণে সেসব জটিলতা কাটিয়ে আরও নিখুঁতভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, মুক্তির পর থেকে নানা সমালোচনার মুখে পড়েছিল শাকিব খান অভিনীত ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের পাশাপাশি গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগও ছিল। এ ছাড়া কারিগরি ত্রুটির কারণে স্টার সিনেপ্লেক্সে ঈদের প্রথম চার দিন প্রদর্শনী পায়নি প্রিন্স। ঈদের দিন প্রায় অর্ধশত সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শন করা যায়নি সিনেমাটি।
এ নিয়ে হলে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। প্রিন্স নিয়ে সব অভিযোগ মেনে নিয়ে টিমের পক্ষ থেকে ক্ষমাও চেয়েছিলেন শাকিব খান। সে সময় তিনি বলেন, সময়স্বল্পতার কারণে এ ধরনের ঝামেলা হয়েছিল।
আবু হায়াত মাহমুদ পরিচালিত এই অ্যাকশন ঘরানার সিনেমাটি নব্বই দশকের ঢাকার অপরাধজগৎকে কেন্দ্র করে নির্মিত। সিনেমার প্রধান চরিত্রে শাকিব খানকে একজন প্রতাপশালী গ্যাংস্টার হিসেবে দেখা গেছে। শাকিবের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এ ছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন রাশেদ মামুন অপু ও ইন্তেখাব দিনার প্রমুখ।
এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি। এরই মধ্যে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এটি পরিচালনা করছেন আজমান রুশো। আর এই সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন সাবিলা নূর। এর মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন শাকিব খান ও সাবিলা নূর।
শাকিব-সাবিলা জুটিকে ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবারের মতো দেখা যায়। সেই রসায়ন এবারও বজায় থাকবে বলে আশা করছেন সিনেমাসংশ্লিষ্টরা। সান কমিউনিকেশনের প্রযোজনায় এর চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন।