চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. ফয়সাল আহমেদ (১৫) নামের এক কিশোর মর্মান্তিকভাবে নিহত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়িয়া রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল আহমেদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার মো. বশিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ-জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ড পৌর সদরের কলাবাড়িয়া রেললাইন এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে অবস্থানরত ফয়সাল হঠাৎ ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ইনচার্জ দীপক দেওয়ান জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সময়ের আলো/জোই