বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় তিনি বলেন, বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এই অনুষ্ঠানে বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড ৯১১ জনের হাতে তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী জানান, আর ২৩টি উপজেলায় এই মাসের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
তারেক রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষ উভয়কেই সমানভাবে সহযোগিতা করবে সরকার।
উল্লেখ্য, ক্ষমতায় আসার এক মাস না পেরুতেই গত ১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরীক্ষামূলক (পাইলটিং) পর্যায়ের সূচনা করে বিএনপি সরকার। পরিবারের নারী প্রধানরাই পাচ্ছেন এই কার্ড।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সকাল ১০টার দিকে তিনি বগুড়ায় পৌঁছান। এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করেন। এছাড়া জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন।
/ইউএমএইচ