ইসলামাবাদে দ্বিতীয় দফা শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে যখন বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই ওয়াশিংটনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সব উড়িয়ে দেওয়ার’ হুমকির সরাসরি জবাব দিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরানিরা কখনো শক্তির কাছে মাথা নত করে না।
তিনি আরও উল্লেখ করেন, মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে আসা ‘অগঠনমূলক ও স্ববিরোধী সংকেত’ একটি তিক্ত বার্তাই বহন করছে; আর তা হলো তারা মূলত ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চায়।
যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘদিনের ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ এখনো বিদ্যমান রয়েছে বলে জানান পেজেশকিয়ান। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো অর্থবহ আলোচনার ভিত্তি হতে হবে ‘প্রতিশ্রুতি রক্ষা’। অর্থাৎ, অতীতে স্বাক্ষরিত চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার বিষয়টি তেহরান এখনো ভোলেনি।
ট্রাম্প দাবি করেছিলেন, আজই (সোমবার) ইসলামাবাদে চুক্তি হতে পারে, কিন্তু পেজেশকিয়ানের এই অনড় অবস্থান সেই সম্ভাবনাকে ফিকে করে দিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সোমবার স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের বর্তমান মারমুখী আচরণ ও নৌ-অবরোধ বহাল থাকা অবস্থায় নতুন কোনো আলোচনার পরিকল্পনা তাদের নেই।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছিল, তার মেয়াদ আগামী বুধবার ভোরে শেষ হচ্ছে। কিন্তু এর মাঝেই মার্কিন নৌবাহিনী ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করা এবং ট্রাম্পের আক্রমণাত্মক হুমকির ফলে পরিস্থিতি আবার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
/কহু