নাটকীয়তা, স্নায়ুচাপ আর শেষ মুহূর্তের রোমাঞ্চ সবই ছিল রাজশাহীর মাঠে। শুরুতে ব্যাটিং বিপর্যয়, মাঝে শারমিন আক্তারের বীরোচিত লড়াই এবং শেষদিকে অবিশ্বাস্য ব্যাটিং ধসের পরও জয় ছিনিয়ে নিল বাংলাদেশ নারী দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রানের লড়াকু পুঁজি গড়ে লঙ্কান মেয়েরা। জবাবে ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজ প্রতিনিধিরা।
২০৬ রানের লক্ষ্যে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ৩৪ রান উঠতেই সাজঘরে ফেরেন শারমিন সুলতানা (০), জুয়াইরিয়া ফেরদৌস (৫) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (১৩)। বিপর্যয়ের মুখে দলের হাল ধরেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। এই যুগল চতুর্থ উইকেটে ৮৭ রানের অনবদ্য জুটি গড়ে জয়ের ভিত্তি তৈরি করেন। শারমিন ৬৪ বলে তুলে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ফিফটি। ব্যক্তিগত ৪১ রানে সোবহানা ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়লে সাময়িক ধাক্কা খায় বাংলাদেশ। এরপর তরুণ তুর্কী স্বর্ণা আক্তারকে নিয়ে শারমিন গড়েন আরও একটি গুরুত্বপূর্ণ ৬৮ রানের জুটি। শারমিন ১২৭ বলে ১৩টি চারে ৮৬ রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয় থেকে ৭ রান দূরে থাকতে দলীয় ১৯৯ রানে বিদায় নেন। জয় তখন কেবলই সময়ের ব্যাপার। ঠিক তখনই শুরু হয় নাটকীয়তা। মাত্র ২ রানের ব্যবধানে স্বর্ণা (৩৫), রাবেয়া (১) ও রিতুমনি (০) সাজঘরে ফিরে যান। ৩ উইকেটে ১৯৯ রান থেকে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২০০ রান, ম্যাচে ফেরার স্বপ্ন দেখে লঙ্কানরা। তবে সব অনিশ্চয়তা দূর করে সুলতানা খাতুনকে নিয়ে বাকি কাজটুকু সারেন নাহিদা আক্তার। ৯ বল হাতে রেখে ২০৬ রান তুলে জয় নিশ্চিত করেন টাইগ্রেসরা।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা ছিল দুর্দান্ত। লঙ্কান অধিনায়ক হাসিনি পেরেরা এবং ইমেশা দুলানি মিলে ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে ৬৮ রান যোগ করেন। তবে ১৪তম ওভারে হাসিনিকে (২৭) ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন রিতু মনি। পরের ওভারেই রিতু মনি লঙ্কান ব্যাটিংয়ের অন্যতম ভরসা হার্ষিতা সামারাবিক্রমাকে (২) প্যাভিলিয়নে ফেরত পাঠালে চাপে পড়েন সফরকারীরা। চার রানের ব্যবধানে দুই উইকেট হারানোর পর ইমেশা ও হানসিমা করুণারত্নে ৫২ রানের জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ব্যক্তিগত ৫২ রান করে সুলতানা খাতুনের শিকার হন ইমেশা। অন্যপ্রান্তে হানসিমা ফিফটি পূর্ণ করে ৫৪ রানে সোবহানার বলে আউট হলে শ্রীলঙ্কার বড় সংগ্রহের পথে বাধা পড়ে।
শেষ দিকে কাভিশা দিলহারি ৩০ রান করলেও বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। বিশেষ করে ডেথ ওভারে নাহিদা আক্তারের জোড়া আঘাত লঙ্কানদের ইনিংসের গতি কমিয়ে দেয়। ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রানে থামে লঙ্কানদের ইনিংস। ৩ উইকেটে ১৬০ রান করা শ্রীলঙ্কা ৪৫ রানে শেষ ৬ উইকেট হারায়। বাংলাদেশের রিতু মনি ৩টি ও স্পিনার নাহিদা আক্তার ২ উইকেট নেন। এ ছাড়া মারুফা আক্তার, সুলতানা খাতুন, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি সবাই ১টি করে উইকেট নেন।