আর্সেনালকে হারিয়ে মাটিতেই পা রাখছেন সিটিজেনরা

ক্রীড়া ডেস্ক

খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগের রুদ্ধশ্বাস এক লড়াইয়ে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে নিজেদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

2026-04-21T01:44:00+00:00
2026-04-21T01:44:00+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
আর্সেনালকে হারিয়ে মাটিতেই পা রাখছেন সিটিজেনরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:৪৪ এএম 
সংগৃহীত ছবি
ইংলিশ প্রিমিয়ার লিগের রুদ্ধশ্বাস এক লড়াইয়ে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে নিজেদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে এই জয়টি কেবল ৩ পয়েন্টের ছিল না, এটি ছিল মূলত দুই মাস্টারমাইন্ড পেপ গার্দিওলা এবং মিকেল আর্তেতার কৌশলী লড়াইয়ের চূড়ান্ত প্রদর্শনী। সিটি-আর্সেনাল অলিখিত ফাইনাল। সেই ফাইনালে জিতে পেপ গার্দিওলার দল ম্যানসিটি এখন লিগ টেবিলের শীর্ষে ওঠার অপেক্ষায়। বর্তমানে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে থাকলেও, এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৬৭। গোলের পার্থক্যে আর্সেনাল মাত্র ১ গোলে এগিয়ে থাকলেও সিটির হাতে থাকা বাড়তি ম্যাচটি গানারদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে দিয়েছে। গত মাসেও আর্সেনালের চেয়ে ১০ পয়েন্ট পেছনে ছিল সিটি। নাটকীয় পালাবদলে পথ ধরে এখন ম্যানসিটি শিরোপার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে। 

তবে এমন ম্যাচ জয়ের পর সিটিজেন কোচ পেপ গার্দিওলা তার শিষ্যদের মনে করিয়ে দেন এখনও আর্সেনাল প্রিমিয়ার লিগের শীর্ষ দল। তাদের এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। গার্দিওলা বলেন, লিগে শীর্ষে এখন কারা? আমরা নই। গোল ব্যবধানেও তারা এগিয়ে। ধাপে ধাপে এগোতে হবে। তবে অবশ্যই আমাদের আশা আছে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

মাঠের কৌশলী লড়াইয়ে শিষ্যদের পারফরম্যান্সে তিনি এতটাই মুগ্ধ যে, সংবাদ সম্মেলনে শোনালেন কিছুটা ভিন্ন সুর। গার্দিওলা স্পষ্ট করেই বললেন, হাইভোল্টেজ এই ম্যাচে সিটি যদি হেরেও যেত, তবু তার আক্ষেপ থাকত খুব সামান্যই। সিটিজেন কোচ বলেন, ইংল্যান্ডের দুই সেরা দল, আমার মনে হয় বিশ্বজুড়ে ফুটবলারের একটা বিজ্ঞাপন হয়ে রইল এই লড়াই। ম্যান-মার্কিং, আক্রমণ, গতিময় ফুটবল সব মিলিয়ে এই ম্যাচ নিয়ে বলার কিছু নেই। ম্যাচ ড্র হলে কিংবা আমরা হেরে গেলেও সন্তুষ্ট থাকতাম। আমার দলের মধ্যে যা দেখি, কী বলব তাদের নিয়ে? আমি ব্যাখ্যা করতে পারব না। তাদের শীর্ষমান দেখে আমি গর্বিত।

অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলে শিরোপার সুবাস পেতে শুরু করত আর্সেনাল, কিন্তু ইতিহাদে হেরে গিয়ে সেই সুযোগ হাতছাড়া করেছে গানাররা। পেপ গার্দিওলার দল এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইকে এমন একপর্যায়ে নিয়ে গেছে, যেখানে প্রতিটি মুহূর্ত এখন রোমাঞ্চে ঠাসা। আর্সেনাল কোচ মিকেল আর্তেতার চোখে লিগের এই নাটকীয় মোড় শিরোপা যুদ্ধকে এক নতুন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আর্তেতা বলেন, প্রিমিয়ার লিগ যেন নতুন করে শুরু হয়েছে। তাদের হাতে একটি ম্যাচ আছে, আমরা তিন পয়েন্টে এগিয়ে আছি, আমাদের পাঁচ ম্যাচ বাকি আছে, লড়াই জমে উঠেছে। 

ম্যাচটি যেভাবে শেষ হয়েছে, আশানুরূপ ফল না পেয়ে স্বাভাবিকভাবেই খেলোয়াড়রা খুব হতাশ। সবার অনুভূতি এখন একই। তারা বলছে, ঠিক আছে, আমরা একটি সুযোগ হারিয়েছে, তবে পরের পাঁচ ম্যাচে আমাদের সবচেয়ে বড় সুযোগ রয়েছে, সেটা করে দেখাব।

তবে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে এমন হারের পরও দমে যাচ্ছেন না আর্সেনাল বস মিকেল আর্তেতা। নতুন উদ্যমে শুরু করতে চান তিনি। গানার কোচ বলেন, দেখা যাক কী হয়। এটা প্রিমিয়ার লিগ। প্রথমত এই লিগে একটি ম্যাচ জেতা খুবই কঠিন। বলতে চাচ্ছি, আমাদের দুই দলের সূচিটা দেখুন। দুই দলের জন্যই পথটা কঠিন। তা না হলে, অন্যান্য মৌসুমের মতো আমাদের পয়েন্ট এরই মধ্যে ৮০ কিংবা ৮৫ হয়ে যেত। কিন্তু এবার তেমন কিছু হয়নি। তাই আমরা ম্যাচ ধরে প্রস্তুতি নেব এবং এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ভালো করার চেষ্টা করব। এখনও যেকোনো কিছু হতে পারে। আমরা দমে যাব না, নতুন উদ্যমে শুরু করব, এটা নিশ্চিত। 



  বিষয়:   আর্সেনাল  সিটিজেন  ইংলিশ  প্রিমিয়ার  লিগ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: