জুনেই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচিত নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক

খেলা

অচলাবস্থা কাটিয়ে নতুন পথে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট প্রশাসন। দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা সিদ্ধান্তে সক্রিয় বিসিবির অ্যাডহক কমিটি এবার জানাল

2026-04-21T01:46:57+00:00
2026-04-21T01:47:13+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
জুনেই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচিত নির্বাচন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:৪৬ এএম  আপডেট: ২১.০৪.২০২৬ ১:৪৭ এএম
সংগৃহীত ছবি
অচলাবস্থা কাটিয়ে নতুন পথে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট প্রশাসন। দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা সিদ্ধান্তে সক্রিয় বিসিবির অ্যাডহক কমিটি এবার জানাল সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কবে হচ্ছে বোর্ড নির্বাচন। 

সব জল্পনার অবসান ঘটিয়ে নির্দিষ্ট সময়সীমা জানিয়ে দিলেন সভাপতি তামিম ইকবাল নিজেই। এপ্রিলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। একই দিনে তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয় ১১ সদস্যের অ্যাডহক কমিটি, যাদের মূল দায়িত্ব তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন। 

দায়িত্ব নেওয়ার পর গত কয়েক দিন নিয়মিত কার্যক্রম চালালেও নির্বাচন নিয়ে নির্দিষ্ট সময় জানায়নি বোর্ড। অবশেষে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন প্রেসবক্সে সাংবাদিকদের সামনে সেই সময়সীমা ঘোষণা করেন তামিম।

তিনি জানান, ইলেকশন জুনের সেকেন্ড উইকের মধ্যে শেষ করার কথা। আমাদের তো সময় জুলাইয়ের ৭ তারিখ পর্যন্ত। ১৫-২০ দিন আগে চেষ্টা করছি শেষ করার। ইফ পসিবল ফার্স্ট উইক না হলে সেকেন্ড উইকের মধ্যে হবে। এখন তো লিগ্যাল ওপিনিয়ন নিতে হবে। কাউন্সিলর লিস্ট হওয়ার পর ১০-১৪ দিন সময় দিতে হবে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার জন্য। এরপর ইসি গঠন হবে যখন কাউন্সিলরশিপের নাম সাবমিট হয়ে যাবে। 

আগামী ৭ জুলাই পূর্ণ হবে অ্যাডহক কমিটির তিন মাসের মেয়াদ। তার আগেই নির্বাচনের কাজ শেষ করতে চান বর্তমান সভাপতি। উল্লেখ্য, সর্বশেষ বিসিবি নির্বাচন হয়েছিল গত বছরের অক্টোবরে। তখন তামিমের নেতৃত্বে একটি প্যানেল মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ায়। পরে আমিনুল ইসলামের নেতৃত্বে ২৫ জন পরিচালক নির্বাচিত হন।

নির্বাচনের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়েও কথা বলেছেন তামিম আন্তর্জাতিক ম্যাচে বল বয়ের সংস্কৃতি ফিরিয়ে আনা। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই প্রথা আবার চালু করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। তামিম বলেন, ‘আমি জানি না কখন এটা বন্ধ হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেই বল বয় থাকবে।’ এই প্রসঙ্গে নিজের ছোটবেলার স্মৃতিও ভাগ করে নেন তিনি, ‘আমার মনে আছে, ২০০৪ সালে যখন এমসিসি আর ভারত বাংলাদেশে সফর করেছিল, তখন আমি বল-বয় ছিলাম। এটা খুব ভালো একটা ব্যাপার।’ 

এ ছাড়া ভাড়া করা বাস থেকে বেরিয়ে নিজস্ব বাস কেনার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। সব মিলে নির্বাচন আয়োজন থেকে শুরু করে মাঠের সংস্কৃতিতে পরিবর্তন বিসিবির নতুন নেতৃত্ব যে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এগোতে চাইছে, তামিমের কথাতেই তার স্পষ্ট ইঙ্গিত মিলছে।


  বিষয়:   বাংলাদেশ  ক্রিকেট  প্রশাসন  তামিম 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: