চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। অতিক্রম করেছেন জীবনের ষাট বছর। এ উপলক্ষে সুহৃদের উদ্যোগে সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে সেমিনার, নাচ-গান, চলচ্চিত্র প্রদর্শনীসহ ছিল বিভিন্ন আয়োজন। তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে তৌকীর আহমেদের নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা। পাশাপাশি তার নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’কে নাট্যরূপে মঞ্চে আনার ঘোষণাও।
তৌকীর আহমেদ বলেন, ‘অনেক দিন সিনেমা নির্মাণ করিনি। ডিসেম্বরে দিকে নতুন একটি সিনেমা বানাতে চাই। আমার শ্বশুর আবুল হায়াতকে সঙ্গে নিয়ে, তাকে কেন্দ্র করে একটি পূর্ণ চরিত্র তৈরি করে কাজটি করব।’
নতুন সিনেমা ঘোষণার পরপরই তার নির্মিত অজ্ঞাতনামা সিনেমাটি মঞ্চে আনার পরিকল্পনা নিয়ে তৌকীর বলেন, সিনেমার পাশাপাশি মঞ্চ নিয়েও কাজ করতে চাই। অজ্ঞাতনামা এবার নতুন আঙ্গিকে দর্শকদের সামনে হাজির হবে। সিনেমাটির গল্প, মানবিক আবেদন ও সামাজিক বাস্তবতাকে নাট্যরূপ দিয়ে মঞ্চে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তৌকীর আহমেদের এমন দুটি নতুন ঘোষণায় উপস্থিত শিল্পী ও দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
জীবনের উপলব্ধি নিয়ে তৌকীর বলেন, জীবন আসলে সময় পার করার এক ধরনের খেলা। আর সেই খেলা অর্থবহ করে তোলে সৃষ্টিশীলতা। মানুষ নানা উপায়ে সময় কাটায় খেলা দেখে, গান শুনে, চলচ্চিত্র দেখে কিংবা অলসতায়। তবে সৃষ্টির সঙ্গে যুক্ত হতে পারলে সময় পার করার এ খেলাই হয়ে ওঠে সবচেয়ে আকর্ষণীয়।
প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনয়ের বাইরে সাতটি চলচ্চিত্র ও চারটি মঞ্চনাটক নির্দেশনা দিয়েছেন তৌকীর আহমেদ। তিনি বলেন, শুধু অর্থ উপার্জনই জীবনের লক্ষ্য হতে পারে না। আমি জানি, অর্থ খুবই দরকারি। কিন্তু আমরা যদি সেই সৃজনশীলতার জায়গায় চর্চা করার অধিকার না পাই, সুযোগ না পাই, তা হলে সেটি খুব দুঃখজনক।
তৌকীরের ভাষ্য, বাণিজ্যিক চলচ্চিত্র বানালে হয়তো সেটি বেশি চলবে, বেশি উপার্জন হবে। কিন্তু আমি চাই, আমার অধিকারটা থাকুক। যেন আমার মতো চলচ্চিত্রটি বানাতে পারি। আরেকজন যদি অন্যভাবে বানাতে চান, সেটিও যেন তার অধিকার থাকে এবং সমাজকে বা রাষ্ট্রকে সেই ক্ষেত্রটি অবারিত করতে হবে। না হলে তো একই ধরনের কাজ হবে। কিন্তু সব কাজ তো একরকম হবে না। বিভিন্ন ধরনের কাজ হবে।
অনুষ্ঠানে তৌকীর আহমেদকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন নাট্যজন মামুনুর রশীদ, আবুল হায়াত, আফজাল হোসেন, মাহফুজ আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, আজিজুল হাকিমসহ সংস্কৃতি অঙ্গনের অনেকে। তারা তৌকীর আহমেদের দীর্ঘ শিল্পযাত্রা, সৃজনশীলতা ও কর্মনিষ্ঠার প্রশংসা ও স্মৃতিচারণা করেন।