মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির চেয়েও উন্নত হবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় হওয়া ওই চুক্তির কড়া সমালোচনাও করেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে তার প্রশাসনের প্রস্তাবিত চুক্তি জেসিপিওএ (ইরান নিউক্লিয়ার ডিল) থেকে অনেক ভালো হবে।
তিনি ওই চুক্তিকে ‘আমাদের দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে খারাপ চুক্তিগুলোর একটি’ হিসেবে আখ্যা দেন এবং এতে জো বাইডেনের ভূমিকারও সমালোচনা করেন।
ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের প্রস্তাবিত চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদার করবে। পাশাপাশি তিনি ইরানের জব্দ সম্পদ অবমুক্ত করার বিষয়টিও উল্লেখ করেন।
সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইরানের প্রায় ২০ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করছে, যা আগের চুক্তির তুলনায় বেশি।
ট্রাম্প আরও বলেন, আগের চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে নেওয়ার পথ তৈরি করেছিল। তার দাবি, তিনি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে না নিলে মধ্যপ্রাচ্যে, এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতেও পারমাণবিক হুমকি তৈরি হতো।
২০১৫ সালে জেসিপিওএ চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এর আওতায় ইরান ইউরেনিয়াম মজুত ও সেন্ট্রিফিউজ কমাতে এবং আন্তর্জাতিক তদারকি মেনে নিতে সম্মত হয়েছিল।
তবে ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে পুনরায় ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর আগে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা জানায়, ইরান চুক্তির শর্ত মেনে চলছিল এবং পারমাণবিক অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি বজায় রেখেছিল।