নাটোরের সিংড়ায় পৃথক স্থানে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার উপজেলার চৌগ্রাম ও চামারী ইউনিয়নে এই দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের সুমন কুমার এবং ৫ নম্বর চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামের সজল মোল্লা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে কৃষক সুমন কুমার তার বসতবাড়ি থেকে কিছু দূরে লিজ নেওয়া একটি পুকুরে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বৈদ্যুতিক মোটরের লাইন সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে মারাত্মকভাবে আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সোমবার সকাল ৮টার দিকে চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামে ফসলি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সজল মোল্লা এবং মাঠেই পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যুর খবর পুলিশ অবগত রয়েছে।