সাপ্তাহিক ছুটিসহ ৪ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কারণে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে টানা চার দিন সব ধরনের আমদানি-রফতানি

2026-04-21T12:30:52+00:00
2026-04-21T12:30:52+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাপ্তাহিক ছুটিসহ ৪ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:৩০ পিএম 
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি : সময়ের আলো
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কারণে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে টানা চার দিন সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত তিন দিন এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চার দিন এই অচলাবস্থা বজায় থাকবে।

মঙ্গলবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ ও বন্দরের আমদানি-রফতানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।


বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ১৬ এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নির্বাচনের কারণে সীমান্ত এলাকায় নিষেধাজ্ঞার একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, জলপাইগুড়ি জেলার ভুটান ও বাংলাদেশ সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটার ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ফলে মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে অননুমোদিত ব্যক্তি ও যানবাহনের প্রবেশ সীমিত রাখা হবে। ভারত ছাড়াও ভুটান থেকেও চিঠির মাধ্যমে বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানান, ভারতের নিষেধাজ্ঞার কারণে এই চার দিন জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্থগিত থাকবে। ইমিগ্রেশন ব্যবস্থা কারিগরিভাবে খোলা থাকলেও ভারত কর্তৃপক্ষ পাসপোর্টধারী গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়ায় কার্যত যাত্রী পারাপার বন্ধ থাকবে।

উল্লেখ্য, টানা চার দিনের এই বন্ধ শেষে আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রফতানি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাপ্তাহিক ছুটি  বাংলাবান্ধা স্থলবন্দর  পশ্চিমবঙ্গ  নির্বাচন  পঞ্চগড়  রংপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: