আইনি জটিলতায় মনিরার প্রার্থিতা, আসন হারাতে পারে জামায়াত জোট

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগ দেওয়ার তিন বছর পূর্ণ না হতেই সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিয়েছেন

2026-04-21T19:37:59+00:00
2026-04-21T21:27:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
আইনি জটিলতায় মনিরার প্রার্থিতা, আসন হারাতে পারে জামায়াত জোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:৩৭ পিএম  আপডেট: ২১.০৪.২০২৬ ৯:২৭ পিএম
মনিরা শারমিন। ছবি : সংগৃহীত
কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগ দেওয়ার তিন বছর পূর্ণ না হতেই সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিয়েছেন এনসিপির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন। আর এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বাতিল হতে পারে মনোনয়নপত্র।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট মনোনীত ১৩ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে রয়েছেন এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন আইন-২০০৪ অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান এই নির্বাচনেও প্রযোজ্য হবে। আরপিও-এর ১২ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্মবিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করলে বা অবসরে গেলে, পদত্যাগ বা অবসরের তিন বছর অতিবাহিত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে অযোগ্য হবেন।

তবে এনসিপি নেত্রী মনিরা শারমিন রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগ দেওয়ার এখনো তিন বছর পূর্ণ হয়নি। তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর ব্যাংকে যোগ দেন এবং গত বছরের ডিসেম্বরে তিনি চাকরি ছাড়েন। অর্থাৎ চাকরি ছাড়ার মাত্র চার মাস পেরিয়েছে তার।

ইসি কর্মকর্তারা বলছেন, আরপিও-এর ১২ অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে জামায়াত জোটের একটি আসন কমে যেতে পারে। কারণ, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আইন অনুযায়ী কোনো দল বা জোটের জন্য বরাদ্দ আসন সংখ্যার বিপরীতে মনোনয়নপত্র কম হলে ওই আসনটি সব দলের জন্য উন্মুক্ত হয়ে যাবে। জামায়াত জোট নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি আসনের জন্য ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্রই দাখিল করেছে। কাজেই একজনের মনোনয়নপত্র বাতিল হলে বিকল্প প্রার্থী দেওয়ার সুযোগও থাকবে না। এক্ষেত্রে নতুন তফসিল অনুযায়ী ভোট হতে পারে। বর্তমানে জাতীয় সংসদে বিএনপি জোটের সংসদ সদস্য সংখ্যা তথা সংরক্ষিত নারী আসনের ভোটার সংখ্যা বেশি। ফলে নতুন তফসিলে ভোট হলে এবং বিএনপি প্রার্থী দিলে দলটির একটি আসন বেড়ে ৩৭টি হতে পারে। আর জামায়াত জোটের একটি আসন কমে গিয়ে দাঁড়াতে পারে ১২টিতে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এ বিষয়ে বলেন, এজন্য মনোনয়নপত্র বাতিল হবে না বলে আশা করি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। আগামীকাল ও পরশু বাছাই হবে। আরপিওর বাইরে যাওয়ার সুযোগ নাই। প্রার্থীরা আপিল করতে পারবেন।

এ বিষয়ে মনিরা শারমিন বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক একটা বিশেষায়িত ব্যাংক এবং একটা সেকেন্ড ক্লাস পদ যা রাষ্ট্রের কোনো লাভজনক পদ না। নির্বাচন কমিশন বিষয়গুলো জানে। আমি মনে করি কোন সমস্যা হবে না। প্রথমত এটা ইলেকশন না, সিলেক্টেড বাই পার্টি। তো আইনের জায়গাটা আমরা, আমাদের আইনজীবীরা দেখছি। নারী আসনে এগুলো আসলে অত গুরুত্ব দেওয়া হয় না।

প্রসঙ্গত, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট একটি আসন পাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ (২১ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ব্যাংক  রাজনীতি  সংরক্ষিত আসন  এনসিপি  জামায়াত জোট  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: