ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে এবং গাজার চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে এক হাজারেরও বেশি সংগীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মী ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা বয়কটের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) নো মিউজিক ফর জেনোসােডের ব্যানারে প্রকাশিত এক খোলা চিঠিতে এ আহ্বান জানানো হয়। চিঠিতে স্বাক্ষরকারী শিল্পীরা ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)-এর তীব্র সমালোচনা করে ‘দ্বিমুখী নীতি’ অবলম্বনের অভিযোগ তুলেছেন।
তাদের দাবি, ২০২২ সালে রাশিয়াকে ইউক্রেন আক্রমণের কারণে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হলেও, গাজায় দীর্ঘদিন ধরে চলা ধ্বংসযজ্ঞের পরও ইসরাইলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে।
এই চিঠিতে বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী ব্রায়ান ইনো, ম্যাসিভ অ্যাটাক, রজার ওয়াটার্স এবং নি-ক্যাপসহ আরও অনেক তারকা স্বাক্ষর করেছেন। এছাড়া সাবেক ইউরোভিশন বিজয়ী এমেলি ডি ফরেস্ট এবং চার্লি ম্যাকগেটিগানও এ উদ্যোগে সংহতি জানিয়েছেন।
শিল্পীদের অভিযোগ, ইবিইউ তাদের ঘোষিত ‘নিরপেক্ষতা’ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তারা মনে করেন, ইসরাইলি সরকারি সম্প্রচারমাধ্যম কানকে প্রতিযোগিতা থেকে বাদ না দেওয়া পর্যন্ত শিল্পী, কলাকুশলী ও দর্শকদের এই আয়োজন থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করা উচিত।
চিঠিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নীরব থাকা আর সম্ভব নয়। স্পেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসের বিভিন্ন সংস্থা ও অংশগ্রহণকারীদের প্রশংসা করা হয়েছে, যারা ইতোমধ্যে জাতীয় বাছাই পর্ব থেকে সরে দাঁড়িয়ে এই প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১২ থেকে ১৬ মে অস্ট্রিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা। তবে বড় পরিসরের এই বয়কটের ডাক প্রতিযোগিতাটিকে নতুন করে বিতর্কের মুখে ফেলেছে।