সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ-নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে লজ্জার হার দেখে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে প্রথম ওয়ানডেতে ২৬ রানে পরাজিত হয়। তবে

2026-04-22T03:53:01+00:00
2026-04-22T03:53:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ-নিউজিল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:৫৩ এএম 
সংগৃহীত ছবি
ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে লজ্জার হার দেখে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে প্রথম ওয়ানডেতে ২৬ রানে পরাজিত হয়। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি মেহেদী হাসান মিরাজের দল। সোমবার দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয় তুলে নেন নাহিদ, তামিম, তাসকিনরা। ৬ উইকেটের বড় জয়ে সমতায় ফেরে টাইগাররা। আগামীকাল ২৩ এপ্রিল মহারণে নামবে দুই দল। কারণ ওইদিন যে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। যে জিতবে, ওয়ানডে ট্রফিতে নামাঙ্কিত হবে সেই দলের। মহারণের জন্য ঢাকা ছেড়ে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। আজ মাঠের অনুশীলনে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে তারা।

এবারের সিরিজে নিউজিল্যান্ড দ্বিতীয় সারির দল নিয়ে এলেও মাঠের পারফরম্যান্সে সেটি পরিলক্ষিত হয়নি। কারণ ওয়ানডেতে দুদলই সমানতালে লড়াই করে সমান এক ম্যাচ করে জিতেছে। এতে বলা যায় কিউইদের দ্বিতীয় সারির দল কিংবা অনভিজ্ঞ দল বলাটা কেবল কাগজে-কলমে লেখার মতো। বাস্তবে দলটি বাংলাদেশকে যে হারানোর সামর্থ্য রাখে, সেটি প্রথম ওয়ানডেতে তারা প্রমাণ করেছে। সিরিজ নির্ধারণী ম্যাচেও পাশা উল্টে দেওয়ার ক্ষমতা আছে টম ল্যাথামের দলের। বেশ কয়েকজন তরুণ-উদীয়মান খেলোয়াড়ের এই সিরিজে অভিষেক হলেও তারা বাংলাদেশের বর্তমান বিরুদ্ধ কন্ডিশনে, প্রচণ্ড গরমের দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন।

তৃতীয় ওয়ানডে সামনে রেখে বেশ সাবধানী মিরাজ, শান্তরা। কারণ নিউজিল্যান্ড কিন্তু সবশেষ বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল। ৩ ম্যাচের সিরিজ ২-০ তে জিতেছিল, এক ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। অতীত ইতিহাস এবং পরিসংখ্যান কথা বলছে কিউইদের হয়ে। তবে ঘরের মাঠে যেকোনো দলের বিপক্ষেই নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও নিজেদের সেরাটা দিয়ে ট্রফিটা ঘরে রাখার পরিকল্পনা আঁটছে মেহেদী হাসান মিরাজের দল। আর তা করতে হলে ব্যাটে-বলে অনন্য- অসাধারণ পারফরম্যান্স উপহার দিতে হবে। যেটি দ্বিতীয় ওয়ানডেতে নাহিদ রানা, তানজিদ হাসান তামিমরা করে দেখিয়েছেন।

সোমবার দ্বিতীয় ওয়ানডের পর দুই দলের প্রতিনিধির কাছে ‘ফাইনাল’ ম‌্যাচ নিয়ে জানতে চাওয়া হয়েছিল। কিউই ওপেনার নিক কেলি চট্টগ্রামের ম‌্যাচ নিয়ে বলেছেন, ‘অবশ্যই আত্মবিশ্বাসী (ম‌্যাচ জিততে)। কয়েক দিন আগেই আমরা ভালো খেলেছি। যদি আজ আরও ৪০-৫০ রান করতাম, ম্যাচটা ভিন্ন হতে পারত। আমরা দ্রুত ঘুরে দাঁড়াব।’
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে আগুন ঝরিয়ে দেন ডানহাতি পেসার নাহিদ রানা। সিরিজ নির্ধারণী ম্যাচ প্রসঙ্গে এ টাইগার পেসার জানান, ‘আসলে মুখে ক্রিকেট খেলা হয় না। মাঠে যে ভালো খেলবে সেই জিতবে। আশা করছি যারা ভালো খেলবে তারা সিরিজ জিতবে।’


  বিষয়:   সিরিজ  জয়  বাংলাদেশ  নিউজিল্যান্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: