মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি দেশ-বিদেশে তুলেছিল ঝড়। এর বেগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। এরপর তেমন কাজ দেখা না গেলেও ঈদে ফিরেছেন ‘প্রেশার কুকার’ নিয়ে।
সিনেমাটি এখনও চলছে প্রেক্ষাগৃহে। কুরবানি ঈদে আসছে ‘রইদ’। এরই মধ্যে তুষি যুক্ত হয়েছেন নতুন এক সিনেমায়। সিনেমার নাম ‘সুরাইয়া’। পরিচালনা করছেন রবিউল আলম রবি। এরই মধ্যে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে। জানা গেছে, সিনেমার নাম-ভূমিকায় অভিনয় করছেন তুষি। তবে সিনেমাটি নিয়ে কিছু বলতে নারাজ অভিনেত্রী।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আপাতত কিছু বলা ঠিক হবে না, যা বলার পরিচালক বলবেন।
সংবাদমাধ্যমকে রবিউল আলম রবি বলেন, সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এই বিষয়ে আপাতত আর কোনো কথা বলতে চাই না। আমাদের প্রযোজক সিনেমাটির তথ্য শেয়ার করবেন।
সিনেমাটি নির্মাণ করা হচ্ছে শিবব্রত বর্মণের গল্প অবলম্বনে। গল্পটি ‘সুরাইয়া’ নামের এক মেয়েকে নিয়ে। মেয়েটির একটা স্বপ্ন আছে, তার জীবনের নানা সংকট রয়েছে। সেগুলো নিয়ে স্ট্রাগল করতে হয়। একসময় সুরাইয়া হয়ে ওঠে সাময়িক বাংলাদেশের একটি মেয়ের চরিত্র। সামাজিক বাস্তবতার নানা দিক উঠে আসবে সিনেমায়। জানা গেছে, এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তুষি। তার সঙ্গে দেখা যাবে শ্যামল মাওলাকে। এর মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন শ্যামল-তুষি।
এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সুবাস ছড়িয়েছে ‘সুরাইয়া’। সিনেমার প্রকল্পটি যুক্তরাষ্ট্রের সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারে নির্বাচিত হয়েছে। ‘সুরাইয়া’ জায়গা করে নিয়েছিল দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম বাজারেও।
সিনেমাটি প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন ফজলে হাসান। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সরকার থেকে ৭৫ লাখ টাকা অনুদান পায় ‘সুরাইয়া’। ফ্রান্সের পিএএস থেকে চিত্রনাট্য উন্নয়নে পরামর্শক ও ওয়ার্কশপ সহায়তাও পেয়েছে সিনেমাটি।
এদিকে তুষির ‘রইদ’ সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি। যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের জন্য এশিয়ান ক্রসরোডস বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। ১৫ মে যুক্তরাষ্ট্রের সময় বিকাল সাড়ে ৫টায় ও ১৬ মে দুপুর আড়াইটায় উৎসবে দেখানো হবে রইদ।
এর আগে মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে অফিসিয়ালি নির্বাচিত হয় রইদ। সেখান দর্শকদের মুগ্ধ করে সিনেমাটি।
‘সুরাইয়া’ ছাড়াও একাধিক নতুন সিনেমা নিয়ে কাজ করছেন তুষি। এর মধ্যে রয়েছে ‘আন্ধার’ এবং ‘সখী রঙ্গমালা’। সামনে এই সিনেমাগুলো নিয়েই নতুন প্রত্যাশা তার।
প্রসঙ্গত, ২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে পথচলা শুরু তুষির। এরপর ছোটপর্দা ও বিজ্ঞাপনে কাজ করলেও বড়পর্দায় অভিষেক হয় ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে।