ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন বড় শহরে প্রদর্শন করা হয়েছে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে চলমান নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে তেহরানের প্রধান একটি চত্বরে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসাভির সমর্থনে স্লোগান দেয় হাজারো জনতা। সেখানে বিশালাকার ‘গদর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এসময় বিক্ষোভকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে এবং কমান্ডার মাজিদ মৌসাভিকে সরাসরি তেল আবিবে আঘাত হানার আহ্বান জানায়।
একই সময়ে রাজধানীর অন্য একটি চত্বরে প্রদর্শিত হয় অত্যাধুনিক ‘খোররামশাহর-৪’ ক্ষেপণাস্ত্র। ওই ক্ষেপণাস্ত্রের গায়ে সাঁটানো একটি ছবিতে কাতারের লিকুইফাইড ন্যাচারাল গ্যাস কোম্পানি ‘রাসগ্যাস’-কে লক্ষ্যবস্তু হিসেবে দেখানো হয়েছে, যা আঞ্চলিক কূটনীতিতে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রদর্শনী কেবল রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না। দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজ, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ এবং মধ্যাঞ্চলীয় জানজান শহরেও অনুরূপ সমরাস্ত্র প্রদর্শন করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের সরকারি প্রচারমাধ্যম ও কর্মকর্তারা সাধারণ মানুষকে এসব সমাবেশে যোগ দিতে উদ্বুদ্ধ করে আসছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ়ভাবে জানান দেওয়ার চেষ্টা করছে।
/কহু