বরিশালের গৌরনদীতে এক সাংবাদিককে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামিনে মুক্ত এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হুমকির শিকার সাংবাদিকের নাম রাজিব ইসলাম তারিম। তিনি গৌরনদী প্রেসক্লাবের সদস্য এবং দি ফিনান্সিয়াল পোস্টের গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত।
ভুক্তভোগী সাংবাদিক রাজিব ইসলাম তারিম জানান, গত ১৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এসআই আমির হোসেন টরকী বন্দর ট্রাকস্ট্যান্ড সংলগ্ন আবির টেলিকম থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ শরীফ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।
তিনি আরও জানান, সম্প্রতি আরিফ শরীফ জামিনে মুক্তি পাওয়ার পর গত ১৮ এপ্রিল আরিফসহ অজ্ঞাতনামা তিন-চারজন তার টরকী বাসস্ট্যান্ডের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ওই সংবাদ প্রকাশের কারণ জানতে চান। এ সময় তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়।
এরপর ১৯ এপ্রিল আরিফ শরীফের মেসেঞ্জার আইডি থেকে অশালীন ভাষায় তাকে গালাগাল এবং জীবননাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আরিফ শরীফ বলেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরবিএন