মাঠের চারপাশজুড়ে দর্শকের হাততালি আর চিৎকার। মাঝখানে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই শক্তিশালী বলী। এভাবেই একের পর এক লড়াইয়ে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। প্রায় অর্ধশত বলীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলীখেলা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নের তারাকাটিয়া এলাকায় বিস্তীর্ণ মাঠে সুফিয়ারোড় বটতল যুব সমাজের আয়োজনে এ খেলার আয়োজন করা হয়।
খেলা দেখতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খেলা-প্রেমী মানুষের ঢল নামে মাঠে। মাঠ ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের দৃষ্টি ছিল মাঠের কেন্দ্রে, যেখানে পালাক্রমে চলতে থাকে শক্তি, সাহস ও কৌশলের লড়াই।
আয়োজক সূত্রে জানা যায়, দূর-দূরান্ত থেকে প্রায় অর্ধলক্ষ দর্শকের সমাগম ঘটে। ছোট, মাঝারি ও বড় বিভাগে অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেন। মিরসরাই ছাড়াও নোয়াখালী, সোনাগাজী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে বলীরা অংশগ্রহণ করেন।
খেলায় অংশগ্রহণকারীদের জন্য পুরস্কার হিসেবে ফ্রিজ, টিভি, বাইসাইকেল, সিলিং ফ্যান, গ্যাসের চুলাসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
খেলায় অংশ নেওয়া স্বপন বলী বলেন, আমি অনেক বছর ধরে বলী খেলায় অংশ নিচ্ছি। আজ তারাকাটিয়া এলাকায় এই আয়োজনে অংশ নিয়েছি। তবে সময় শুরু হয়ে যাওয়ায় পুরস্কার জিততে পারিনি। খেলা খুব সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ আগামী বছর আবার হলে অংশ নেব।
আরেক প্রতিযোগী কামরুল বলী বলেন, একসময় নিয়মিত বলী খেলায় অংশ নিতাম। দীর্ঘদিন পর আবার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।
আয়োজক কমিটির সদস্য তারেকুল ইসলাম ও মো. মহিউদ্দিন বলেন, সুফিয়ারোড় বটতল যুব সমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। এবারের খেলায় ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার প্রায় অর্ধশত বলী অংশ নিয়েছেন। মিরসরাইসহ বিভিন্ন উপজেলা থেকে প্রায় অর্ধলক্ষ মানুষ উপস্থিত ছিলেন। প্রথম পুরস্কার হিসেবে ওয়ালটন ফ্রিজ দেওয়া হয়েছে। এছাড়া টিভি, বাইসাইকেল, সিলিং ফ্যানসহ প্রায় ৪৫টি পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক এম কামরুল হাসান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আকবর বাদশা, মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন, ইউনিয়ন যুবদলের সদস্য তারেক হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ শিফনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
আরবিএন