সংযুক্ত আরব আমিরাতের বাজারে আবারও বাড়ছে বাংলাদেশি শাক-সবজি ও মাছের চাহিদা। উপসাগরীয় অঞ্চলের অস্থিরতা কিছুটা কাটিয়ে ওঠার পর দেশটির বিভিন্ন বাজারে বাংলাদেশি শাক-সবজি পাওয়া যাচ্ছে। বিমান চলাচল স্বাভাবিক থাকায় ব্যবসায়ীরাও বিপুল পরিমাণে শাকসবজি আমদানি শুরু করেছেন।
প্রবাসী ব্যবসায়ীরা জানান, কিছুদিন ধরে ব্যবসা কিছুটা ধীরগতির ছিল। তবে তারা আশাবাদী, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে এবং ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
কেনাকাটা করতে আসা এক প্রবাসী বলেন, তিনি রান্না করতে ভালোবাসেন এবং নিয়মিত বাজার করেন। এখানে এখন তাজা কচু, ঢেঁড়স, লাল শাকসহ বিভিন্ন ধরনের দেশীয় সবজি পাওয়া যাচ্ছে।
যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীরাও নতুন করে ব্যবসা সম্প্রসারণে উদ্যোগী হয়েছেন। কেউ কেউ নতুন প্রতিষ্ঠান গড়ে তুলছেন। অনেক ব্যবসায়ী তাদের দোকানে বাংলাদেশি পণ্যের মজুত বাড়াচ্ছেন। মাছ, মাংস, কাঁচা শাকসবজির পাশাপাশি গার্মেন্টস পণ্য, বিভিন্ন ধরনের মসলা ও ফুড আইটেমও যুক্ত হচ্ছে।
এক প্রবাসী ব্যবসায়ী জানান, বর্তমানে বাংলাদেশ থেকে নিয়মিত ফ্লাইট চালু থাকায় প্রচুর পণ্য আসছে। সবজির পাশাপাশি নতুন করে কাঁঠালও আমদানি শুরু হয়েছে। করলা, মরিচসহ প্রায় সব ধরনের সবজি এখন পাওয়া যাচ্ছে।
আমিরাতের সুপারমার্কেটগুলোতে বাংলাদেশি পণ্যের প্রতি প্রবাসী পরিবারগুলোর আগ্রহ স্পষ্ট। ব্যবসায়ীদের মতে, যদি সরাসরি জাহাজে পরিবহনের সুযোগ চালু করা যায়, তাহলে দেশটির বাজারে বাংলাদেশি কাঁচা পণ্যের চাহিদা আরও বাড়বে।
সময়ের আলো/আআ