চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। কিউই পেসার উইলিয়াম ও’রুর্কের তোপে মাত্র ৫৭ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা। দলীয় ফিফটি পূরণ করতে লাল-সবুজ বাহিনীকে খেলতে হয়েছে ৮১টি বল।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান কোনো রান না করেই সাজঘরে ফেরেন। সিরিজে এটি তার দ্বিতীয় শূন্য। তিনে নামা সৌম্য সরকার ও ওপেনার তানজিদ হাসান তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি। তানজিদ মাত্র ১ রান করে ও’রুর্কের বলে বোল্ড হন। এরপর সৌম্য সরকার দুটি দারুণ চারে ইনিংস গড়ার ইঙ্গিত দিলেও ১৮ রান করে সেই ও’রুর্কের বলেই ‘প্লেড অন’ হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
ঢাকার মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচে দলীয় ৫০ রান দ্রুত এলেও চট্টগ্রামের উইকেটে আজ ব্যাটসম্যানদের বেশ সংগ্রাম করতে হচ্ছে। প্রথম ম্যাচে ৮.৫ ওভার এবং দ্বিতীয় ম্যাচে মাত্র ৭ ওভারে ৫০ রান পূর্ণ করেছিল বাংলাদেশ। তবে আজ ১৩.৩ ওভার লেগেছে অর্ধশতকের কোটা স্পর্শ করতে। এই ৫০ রানের মধ্যে ৫টি চার ও একটি ছক্কায় ২৬ রান এসেছে বাউন্ডারি থেকে। নাজমুল হোসেন শান্ত ১৪তম ওভারে ইনিংসের একমাত্র ছক্কাটি মারেন।
নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বিধ্বংসী বোলিং করেছেন উইলিয়াম ও’রুর্ক। ৫ ওভারের স্পেলে মাত্র ১৬ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে কোণঠাসা করে রেখেছেন। অন্য প্রান্তে নাথান স্মিথও নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ অব্যাহত রেখেছেন।
সবশেষ খবর অনুযায়ী, বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেটে ৫৭ রান। ক্রিজে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত (২৩) এবং লিটন দাস (১১)।
/কহু