জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন নাজমুল হোসেন শান্ত। দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। তবে শতক ছোঁয়ার পর ইনিংস বড় করার চেষ্টায় ১০৫ রানে সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।
দীর্ঘ ২০ ইনিংসের খরা কাটিয়ে ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেলেন শান্ত। সর্বশেষ ২০২৪ সালের মার্চে এই চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন তিনি। আজ জেডেন লেনক্সের করা ৪১তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। ১১৪ বলের এই ইনিংসে ছিল ৯টি চার ও ২টি নান্দনিক ছক্কার মার। ওয়ানডেতে তার চার সেঞ্চুরির মধ্যে এটি দেশের মাটিতে দ্বিতীয়।
সেঞ্চুরি পূর্ণ করার পর রানের গতি বাড়াতে গিয়েই বিপদ ডেকে আনেন শান্ত। ৪৩তম ওভারে লেনক্সের শেষ বলে ছক্কা মারতে গিয়ে স্ট্রেট ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। আউট হওয়ার আগে ১১৯ বলে ১০৫ রানের এক লড়াকু ইনিংস খেলে বাংলাদেশের মজবুত সংগ্রহের ভিত গড়ে দিয়ে যান তিনি।
শান্ত যখন আউট হন, বাংলাদেশের সংগ্রহ তখন ৪৩ ওভারে ৫ উইকেটে ২২১ রান। বর্তমানে ক্রিজে অপরাজিত আছেন তাওহিদ হৃদয় (১৬) এবং নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শেষ দিকের ওভারগুলোতে এই জুটি দলকে কতদূর নিয়ে যেতে পারে, তার ওপরই নির্ভর করছে কিউইদের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা। ৪৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৩১ রান।
/কহু