প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:১২ পিএম আপডেট: ২৩.০৪.২০২৬ ৫:২৪ পিএম
রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে লোডশেডিং হচ্ছে, গ্রামে ভয়াবহ লোডশেডিং হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রীকে বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে আরও তৎপর হতে হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রাজশাহীতে গতকাল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। এই সংকট মোকাবিলা করতে সরকারকে আরো তৎপর হতে হবে। বিদ্যুৎ মন্ত্রীকে আরো তৎপর হতে হবে। গরম মোকাবিলা করার জন্য সারাদেশে যে তাপ প্রবাহ চলছে সেটা মোকাবিলা করার জন্য, বিদ্যুৎ মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করতে হবে। সংকট নাই বলে চলবে না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংকট মোকাবিলার জন্য সরকারের মন্ত্রীগুলোকে তীক্ষ্ণ হতে হবে। শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না। দেশের জনগণকে আশ্বস্ত করতে হবে। নানা কারণে এটা হয়েছে, কৃত্রিম সংকট তৈরি হয়েছে যুদ্ধের কারণে।
রুহুল কবির রিজভী বলেন, ইরান থেকে জাহাজগুলো আসতে পারতেছে না যার কারণে জ্বালানি তেলের সংকট হচ্ছে। কিন্তু এটা কৃত্রিম সংকট। এক্ষেত্রে যে দাম বেড়েছে এটা খুবই ন্যাচারাল, কিছু এমপি মন্ত্রীরা পার্লামেন্টে বলেছেন এটাকে সংকট বলা যাবে না, যেটা সত্য সেটা বলুন।
তিনি বলেন, আন্তর্জাতিক কারণেই তো জ্বালানি সংকট এটা বিএনপির কোনো ব্যর্থতা নয়। যদি বিএনপি সরকারের ব্যর্থতার কারণে হতো, তাহলে একটা কথা ছিল। সংকটটা আন্তর্জাতিক কারণে হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এটা হয়েছে।
সময়ের আলো/জেডআই