আনুষ্ঠানিক ঘোষণার আগেই বরিশালে বাস-লঞ্চ মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়

বরিশাল ব্যুরো

সারাদেশ

বিআরটিএর আনুষ্ঠানিক ঘোষণার আগেই বরিশালে দূরপাল্লার পরিবহন, গণপরিবহণ ও লঞ্চ মালিকরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ

2026-04-23T22:47:13+00:00
2026-04-23T22:47:13+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
আনুষ্ঠানিক ঘোষণার আগেই বরিশালে বাস-লঞ্চ মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৪৭ পিএম 
লঞ্চ মালিকরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। ছবি : সংগৃহীত
বিআরটিএর আনুষ্ঠানিক ঘোষণার আগেই বরিশালে দূরপাল্লার পরিবহন, গণপরিবহণ ও লঞ্চ মালিকরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। ঢাকা-বরিশাল রুটে আগের চেয়ে প্রতিটি গাড়িতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। অভ্যন্তরীণ রুটগুলোতে ১০ টাকা থেকে শুরু করে ২৫ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। অন্যদিকে ঢাকা-বরিশাল নৌ-রুটে লঞ্চভাড়া ১০০ টাকা থেকে শুরু করে প্রকারভেদে ৬০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বাস মালিকদের দাবি, তেলের দাম বাড়ানোর পর কয়েক দিন অপেক্ষা করে বুধবার থেকে তারা ভাড়া বৃদ্ধি করেছেন। তবে লঞ্চ মালিকরা বলছেন, আগে ভাড়া কম নিয়েছেন, এখন আগের সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বরিশাল থেকে চলাচলকারী সায়েদাবাদগামী পরিবহন সাকুরা, হানিফ, লাবিবা, এনা, বিএমএফ, শ্যামলীসহ অন্তত ১০টি পরিবহনের সবাই ৫০ থেকে ১০০ টাকা ভাড়া বাড়িয়েছে। এই পরিবহনগুলোর সবাই একজন যাত্রীর কাছ থেকে ৫০০ টাকা ভাড়া নিত।

তবে বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, তারা ৬০০ টাকা করে ভাড়া নিচ্ছে। যদিও সাকুরা ও হানিফ পরিবহণ কর্তৃপক্ষ দাবি করছে, তারা আগে ৫৫০ টাকা নিত, এখন ৫০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা নিচ্ছে। বাকি পরিবহনের কর্মকর্তারা বলছেন, তেলের দাম বেড়েছে, তাই ভাড়া বাড়ানো হয়েছে।

ঢাকা-বরিশাল রুটে চলাচল করে সাকুরা পরিবহনের বরিশাল কাউন্টারের ম্যানেজার আনিসুর রহমান আনিস বলেন, ‘আমরা ৫০ টাকা ভাড়া বাড়িয়েছি। এতে প্রতি কিলোমিটারে ৩০ পয়সা করে ভাড়া বৃদ্ধি পেয়েছে।’ 


তবে ঘোষণার আগেই ভাড়া বৃদ্ধি করেছেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তেলের দাম বেড়েছে, তাই ভাড়া বৃদ্ধি করে দিয়েছি। এতে ঘোষণার কোনো প্রয়োজন নেই।’

ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী হানিফ পরিবহনের বরিশাল কাউন্টারের ম্যানেজার আব্দুস সালাম খান বলেন, ‘আগের ভাড়া ছিল ৫৫০ টাকা, এখন আমরা বুধবার থেকে ৬০০ টাকা করে নিচ্ছি। তাতে কিলোমিটারে ৩০ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। আমরা মালিকের নির্দেশে ভাড়া বৃদ্ধি করেছি। বিআরটিএ কোনো সিদ্ধান্ত দিয়েছে কি না, তা আমাদের জানা নেই।’

যাত্রী সাইফুল ইসলাম বলেন, বিআরটিএ ভাড়া নির্ধারণ করে দেওয়ার আগেই তারা প্রতি কিলোমিটারে ৬০ পয়সা ভাড়া বাড়িয়ে দিয়েছে। কারণ ঢাকা-বরিশাল রুটের দূরত্ব ১৬৫ কিলোমিটার। আগে যেখানে ভাড়া ৫০০ টাকা ছিল, এখন ৬০০ টাকা করায় প্রতি কিলোমিটারে ৬০ পয়সা করেই বেড়ে যায়।  

ঢাকা বরিশাল রুটের যাত্রী আল মামুন বলেন, তেলের দাম কমলে ভাড়া আর কখনো কমানো হয় না। সুতরাং এটা মালিক সমিতির একটা স্বেচ্ছাচারিতা।

অন্যদিকে লঞ্চের ভাড়া ডেকে ১৫০ টাকা এবং কেবিনে ২০০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

লঞ্চ মালিক, কর্মচারী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তেলের দাম বাড়ার আগে লঞ্চের ডেকের ভাড়া ছিল ২০০ টাকা। গত সোমবার থেকে ৩৫০ টাকা করে যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন লঞ্চ মালিকরা। একইভাবে সিঙ্গল কেবিনের ভাড়া ছিল ১০০০ টাকা, তা ২০০ টাকা বাড়িয়ে ১২০০ টাকা নিচ্ছেন। 


ডবল কেবিনের ভাড়া ছিল ২ হাজার টাকা। বর্তমানে নেওয়া হচ্ছে ২ হাজার ৪০০ টাকা। এভাবে ফ্যামিলি ও শৌখিন কেবিন থেকে শুরু করে সেমিভিআইপি ও ভিআইপি কেবিনের ভাড়া ৬০০ টাকা পর্যন্ত বাড়তি নেওয়া হচ্ছে। সরকারি সিদ্ধান্তের আগে এভাবে ভাড়া আদায় করায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

যদিও এ ক্ষেত্রে লঞ্চ মালিকদের ভিন্ন মত রয়েছে। সুরভী লঞ্চের মালিক এবং কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির নেতা রেজিন উল কবির বলেন, ‘সরকার নির্ধারিত ডেকের ভাড়া ৩৫০ টাকা। আমরা আগে দেড় শ টাকা কমিয়ে যাত্রীদের কাছ থেকে ২০০ টাকা করে নিতাম। কিন্তু তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছি। আর সিঙ্গল কেবিন থেকে শুরু করে ভিআইপি কেবিন পর্যন্ত যে ভাড়া বাড়ানো হয়েছে, তা সবই সরকার নির্ধারিত ভাড়া। আগে আমরা কমিয়ে নিতাম, এখন সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছি।’

বরিশাল নৌবন্দরের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘লঞ্চ মালিকরা যে ভাড়া নিচ্ছেন, তা আগেই সরকার নির্ধারণ করা। এরপর আমাদের তদারকি রয়েছে। আগের সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হলেই আমরা ব্যবস্থা নেব।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আনুষ্ঠান  ঘোষণা  বরিশাল  বাস  লঞ্চ  মালিক  ভাড়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: