চার-পাঁচ বছর আগে স্কুলের খেলাকে কেন্দ্র করে থাপ্পড় মারায় সানি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে প্রতিবেশী মফিজুলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সানি ওই গ্রামের কাতার প্রবাসী হাদিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হিজলীয়া দক্ষিণ পাড়া মসজিদের পাশে মফিজুলের নেতৃত্বে কয়েকজন সানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় সানির চিৎকারে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, চার থেকে পাঁচ বছর আগে স্কুলের খেলা নিয়ে মফিজুলের সাথে সানির কথা-কাটাকাটি হয়েছিল। ওই সময় সানি মফিজুলকে একটি থাপ্পড় মারে। এছাড়া অন্য কোনো শত্রুতার কথা তাদের জানা নেই।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে।
জানা গেছে. পুলিশ অভিযান চালিয়ে মফিজুলের দুই ভাই আজিজুল ও নজরুলকে আটক করেছে। তারা দুইজন একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য চরফরাদী ইউনিয়নের বর্ষাগাতী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আবুল কালামকে আটক করেছে পুলিশ। আবুল কালাম অভিযুক্ত মফিজুলের খালাতো ভাই।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এজাহারভুক্ত দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদেরকেও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা তিনি।