বাসিয়া খননে ফিরছে শহিদ জিয়ার স্মৃতি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দিপু সিদ্দিকী, সিলেট

সারাদেশ

সিলেটের বুক চিরে বয়ে যাওয়া বাসিয়া খালের পুনখনন ঘিরে এখন উৎসবের আমেজ বিভাগজুড়ে। আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট

2026-04-24T19:04:52+00:00
2026-04-24T19:04:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে উৎসবের আমেজ
বাসিয়া খননে ফিরছে শহিদ জিয়ার স্মৃতি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দিপু সিদ্দিকী, সিলেট
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:০৪ পিএম 
বাসিয়া খাল। ছবি : সময়ের আলো
সিলেটের বুক চিরে বয়ে যাওয়া বাসিয়া খালের পুনখনন ঘিরে এখন উৎসবের আমেজ বিভাগজুড়ে। আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সদর উপজেলার মাসুকবাজারে এই খনন কাজের উদ্বোধন করবেন। এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বইছে আনন্দের জোয়ার। কারণ এই বাসিয়া খালের সঙ্গেই জড়িয়ে আছে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অমলিন স্মৃতি। 

চার দশক পর বাবার দেখানো পথে হেঁটে ছেলে বাসিয়া খননের উদ্বোধন করবেন- এমন খবরে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রবীণ জনতা থেকে শুরু করে সাধারণ কৃষক।

স্থানীয় প্রবীণদের স্মৃতিচারণে উঠে এসেছে এক ঐতিহাসিক চিত্র। মাসুক বাজারের আব্দুল হান্নান ও দীঘিরপাড়ের বুলু মিয়ারা আজ থেকে বহু বছর আগে স্বচক্ষে দেখেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। 


তারা জানান, তৎকালীন সময়ে জিয়াউর রহমান নিজে হাতে কোদাল চালিয়ে বাসিয়া খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন। এমনকি মাটি ঝুড়িতে ভরে বয়ে নিয়ে যাওয়ার দৃশ্যও আজও তাদের চোখে ভাসে। খাল খনন শেষে একটি গাছের তলায় জিয়ার বিশ্রাম নেওয়া এবং পরবর্তীতে নৌকাযোগে মাসুকবাজার ত্যাগ করার গল্পগুলো এখন মুখে মুখে ফিরছে।

স্থানীয়রা বলছেন, বাবার সেই স্মৃতিধন্য স্থানে ছেলে তারেক রহমানের আগমন আমাদের জন্য এক বিশাল আবেগের মেলবন্ধন।

এক সময় নদী হিসেবে পরিচিত এই বাসিয়া খাল সুরমা থেকে উৎপত্তি হয়ে বিভিন্ন উপজেলা পেরিয়ে মেঘনায় মিশেছে। দীর্ঘকাল অবহেলিত থাকায় এটি ভরাট হয়ে গেছে।  

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, বিশাল এলাকা জুড়ে এই খনন কাজের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৫ হাজার হেক্টর ফসলি জমি নতুন করে সেচ সুবিধার আওতায় আসবে। 

স্থানীয় কৃষকদের মতে, দীর্ঘদিনের সেচ সংকট দূর হওয়ায় ধান ও মৌসুমি ফসলের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে, যা এই অঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে।

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নিশ্চিত করেছেন, ২ মে প্রধানমন্ত্রী এই কাজের শুভ সূচনা করবেন। 

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর এই সফর কেবল নদী খননের মধ্যে সীমাবদ্ধ নয়। এদিন ‘নতুন কুঁড়ি’র উদ্বোধনের মাধ্যমে সারাদেশের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার এক মহাপরিকল্পনার যাত্রাও শুরু হবে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমানের এই প্রথম সিলেট সফরকে স্মরণীয় করে রাখতে পুরো জেলা ও মহানগর জুড়ে সাজ সাজ রব বিরাজ করছে।

সিলেটবাসীর জন্য এই সফর কেবল একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নয়, বরং এটি একটি ঐতিহ্যের পুনর্জাগরণ। 

পানিসম্পদমন্ত্রী এ্যানি বলেন, শহিদ জিয়ার হাতে শুরু হওয়া কাজ আজ প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ণতা দিতে আসছেন। একদিকে কৃষকের পানির নিশ্চয়তা, অন্যদিকে হারানো নৌপথের পুনরুদ্ধার- সব মিলিয়ে ২ মে সিলেটের মাসুকবাজার হতে যাচ্ছে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী।

সময়ের আলো/জোই



  বিষয়:   সিলেটে  উৎসবের আমেজ  বাসিয়া খাল  শহিদ জিয়ার স্মৃতি  উদ্বোধন  প্রধানমন্ত্রী তারেক রহমান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: