মার্কিন চুক্তি বাতিলের দাবিতে সংসদ ঘেরাওয়ের ঘোষণা সিপিবির

রাজশাহী ব্যুরো

সারাদেশ

‘বৈষম্যমূলক’ মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে জাতীয় সংসদ ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আগামী ২৭ এপ্রিল এই কর্মসূচি

2026-04-24T21:05:57+00:00
2026-04-24T21:05:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মার্কিন চুক্তি বাতিলের দাবিতে সংসদ ঘেরাওয়ের ঘোষণা সিপিবির
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:০৫ পিএম 
জাতীয় সংসদ ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ছবি : সময়ের আলো
‘বৈষম্যমূলক’ মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে জাতীয় সংসদ ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আগামী ২৭ এপ্রিল এই কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। 

‘শহীদ কমিউনিস্ট বিপ্লবীদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না, শোষণের শৃঙ্খল ভেঙে মুক্তির লড়াইকে অগ্রসর করুন’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে সিপিবির নেতারা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির তীব্র সমালোচনা করেন। চুক্তিটিকে ‘গোলামি চুক্তি’ আখ্যা দিয়ে তারা বলেন, এ চুক্তির ফলে বাংলাদেশকে প্রাথমিকভাবে ১৫ হাজার কোটি টাকা শুল্ক দিতে হবে। চুক্তিটি পুরোপুরি বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ১৯ শতাংশ শুল্ক গুনতে হবে। অন্যদিকে দেশে মার্কিন পণ্য আমদানিতে কোনো শুল্ক দিতে হবে না বলেও অভিযোগ করেন তারা।

নেতৃবৃন্দ বলেন, এমন বৈষম্যমূলক চুক্তি দেশের জনগণ মেনে নেবে না। এই চুক্তি বাতিলের দাবিতে আগামী ২৭ এপ্রিল সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ঘেরাও করা হবে। একইসঙ্গে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মেহনতি শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় বক্তারা ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন। 

তারা বলেন, তৎকালীন মুসলিম লীগ সরকারের পুলিশ বাহিনী নিরস্ত্র কমিউনিস্ট রাজবন্দীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে কম্পরাম সিং, সুধীন ধর, বিজন সেন, হানিফ শেখ, সুখেন্দু ভট্টাচার্য, দিলওয়ার হোসেন ও আনোয়ার হোসেনসহ সাতজন কমিউনিস্ট নেতা শহীদ হন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম জেল হত্যাকাণ্ড।

বক্তারা আরও বলেন, কমিউনিস্টদের এই আত্মদান বিফলে যায়নি; এর ফলেই বাতিল হয়েছিল অমানবিক জেল কোড। তারা ঐতিহাসিক এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় খাপড়া ওয়ার্ড দিবস’ হিসেবে ঘোষণা এবং পাঠ্যপুস্তকে এই বীরত্বগাথা অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সিপিবির রাজশাহী জেলা সভাপতি জুলফিকার আহমেদ গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান মুন্না ও আমিনুল ইসলাম ফরিদ। এছাড়া রাজশাহী মহানগর সিপিবির সভাপতি আইয়ুব হোসেন কাইয়ুমসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য দেন।


  বিষয়:   জাতীয়  সংসদ  বাংলাদেশ  কমিউনিস্ট  পার্টি  সিপিবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: