চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম ফারুকী উপজেলার রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় পুত্র এবং রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসার প্রধান ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বারইয়ারহাট মেহেদীনগর এলাকার একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। পথে ওয়ারলেস এলাকায় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।