বরিশালের গৌরনদী উপজেলায় বসতঘরে চুরি করতে গিয়ে গৃহকর্তার চোখে আঙুলের খোঁচা দিয়ে ও মারধর করে পালিয়ে গেছে এক চোর। এ ঘটনায় গৃহকর্তা মিন্টু তালুকদার গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার কসবা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মিন্টু তালুকদার অভিযোগ করেন, বিকেলে তার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে পাশের বাড়িতে গেলে কৌশলে বসতঘরে প্রবেশ করে চুরি করছিল এক ব্যক্তি। এ সময় তিনি বাড়িতে এসে ঘরে ঢুকে একই গ্রামের বাবুল ফকিরের ছেলে আরিফ ফকিরকে হাতেনাতে ধরে ফেলেন এবং ডাকচিৎকার দেন।
এসময় অভিযুক্ত আরিফ ফকির তার চোখে আঙুলের খোঁচা দিয়ে আঘাত করে এবং মারধর করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, অভিযুক্ত চোর তার বসতঘর থেকে নগদ চার হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে। এলাকায় আরিফ ফকির একজন চিহ্নিত চোর হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত আরিফ ফকিরের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।