প্রকাশ হয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের গানের ভিডিও ‘জয়ধ্বনি’। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। গানটি তৈরিতে বাংলাদেশের পাশাপাশি কাজ করেছে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্কের আর্টিস্ট ও টেকনিক্যাল টিম।
মূলত দেশের অপ্রকাশিত প্রতিভাবানদের অনুপ্রাণিত করতেই এম-রাইজ নিবেদিত এই গানটি প্রকাশ করা হয়েছে। চোখ ধাঁধানো ভিজ্যুয়ালে ‘জয়ধ্বনি’ দেখে বিস্মিত দর্শকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। গানটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এম-রাইজে। ২৪ ঘণ্টার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্ম থেকে গানটি প্রায় কোটি দর্শক উপভোগ করেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, ‘শহর থেকে গ্রামে, নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’- এমনই গানে উৎসবমুখর আয়োজনে মিউজিকের তালে নাচের ঝড় তুলেছেন শাকিব। ভিডিওটির কারিগরি মান ও শাকিব খানের উপস্থিতি দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে। আন্তর্জাতিক মানের চিত্রায়ণ ও উষ্ণ রঙের ব্যবহারের কারণে দৃশ্যগুলো পেয়েছে চমৎকার এক আবহ। সাদা ও মেরুন রঙের স্টাইলিশ পোশাকে রোদচশমা পরে শাকিব খানের নাচের ভঙ্গি ও সাবলীল উপস্থাপনা ছিল নজরকাড়া।
শাকিবের সঙ্গে নির্মাতার এটি প্রথম কাজ। আর প্রথম প্রজেক্টেই এই জুটি করলেন বাজিমাত! দর্শকদের অনেকেই এই দুজনের সিনেমা চাইছেন। অনেকেই বলছেন, শুধু বাংলাদেশ নয়, দুই বাংলাতে এত বড় আয়োজনের গান আগে কখনোই হয়নি! আবার কেউ কেউ বলছেন, এটি বাংলার সেরা সেলিব্রেশন এনথেম!
এম-রাইজের পক্ষ থেকে বলা হচ্ছে, এম-রাইজ ‘জয়ধ্বনি’ শুধু একটি গান নয়, এটি একটি অনুভূতি যা মানুষকে একত্রিত করে, উৎসাহিত করে এবং উদযাপনে উদ্বুদ্ধ করে। এই মিউজিক ভিডিওর মাধ্যমে শুরু হচ্ছে একটি বৃহত্তর যাত্রা, যা ধীরে ধীরে নিয়ে যাবে এম-রাইজ প্ল্যাটফর্মের দিকে, যেখানে তুলে ধরা হবে দেশের নীরব নায়কদের গল্প।
সময়ের আলো/আআ