নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন পেসার নাহিদ রানা। সময়টা স্বাভাবিকভাবেই দারুণ কাটার কথা নাহিদ রানার। তবে সিরিজের শেষ ম্যাচেই যোগ হয়েছে খানিক অস্বস্তি। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পেয়েছেন এই তরুণ পেসার।
মাঠে বোলিং মার্কের কাছে থাকা বিজ্ঞাপনের পেরেকে লেগে ডান হাত ছিলে যায় নাহিদের। সঙ্গে সঙ্গে চিকিৎসা নিয়ে হাত ব্যান্ডেজ করা হয়। যদিও বড় কোনো শঙ্কা নেই- সেলাইয়ের প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন বিসিবির মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী। তার ভাষ্য, দুয়েক দিনের মধ্যেই আবার বল করতে পারবেন নাহিদ।
পুরো সিরিজজুড়ে ছিলেন অসাধারণ ছন্দে। তিন ম্যাচে তুলে নিয়েছেন ৮ উইকেট, যার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে ছিল ৫ উইকেটের ঝলক। গতি ও বাউন্সে বারবার বিপাকে পড়েছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ, যা শেষ পর্যন্ত এনে দেয় তাকে সিরিজসেরার স্বীকৃতি।
সিরিজ শেষ করেই ঢাকায় ফিরে গেছেন নাহিদ। চট্টগ্রামে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তাকে রাখা হয়নি স্কোয়াডে। একই সঙ্গে পাকিস্তান সুপার লিগে ফেরার জন্যও তাকে ছাড়পত্র দেওয়া হয়নি।
বিসিবি জানিয়েছে, আপাতত সামনে থাকা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে মাথায় রেখেই প্রস্তুতি নেবেন তিনি।
তাই ঝুঁকি না নিয়ে বিশ্রাম ও পুনর্বাসনের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। চোট বড় না হওয়ায় স্বস্তি থাকলেও, দলের গুরুত্বপূর্ণ এই পেসারকে নিয়ে সতর্ক অবস্থানেই আছে টিম ম্যানেজমেন্ট। কারণ সামনেই অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ- সামনের মাসে পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে নিজেকে প্রমাণের মঞ্চ।