ফর্টিস বধে বসুন্ধরা কিংসকে ধরে ফেলল আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

খেলা

কুমিল্লার মাঠে বল গড়ানোর কয়েক সেকেন্ডের মাথায় যে দৃশ্য দেখা গেল, তা ফুটবলার থেকে দর্শক কারও পক্ষেই হজম করা সহজ

2026-04-25T05:29:20+00:00
2026-04-25T05:29:20+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
ফর্টিস বধে বসুন্ধরা কিংসকে ধরে ফেলল আবাহনী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:২৯ এএম 
সংগৃহীত ছবি
কুমিল্লার মাঠে বল গড়ানোর কয়েক সেকেন্ডের মাথায় যে দৃশ্য দেখা গেল, তা ফুটবলার থেকে দর্শক কারও পক্ষেই হজম করা সহজ ছিল না। কিক-অফের রেশ কাটতে না কাটতেই ফর্টিসের জালে বল! সেই যে শুরু, সেই লিড আর হাতছাড়া হতে দেয়নি আবাহনী। ঘামঝরানো এই জয়ে কেবল পূর্ণ পয়েন্টই পায়নি মারুফুল হকের দল, বরং শিরোপা দৌড়ে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে কড়া চ্যালেঞ্জ জানিয়ে দিল ধানমন্ডিপাড়ার ক্লাবটি। 

গতকাল বাংলাদেশ ফুটবল লিগে কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের রোমাঞ্চ বাড়িয়ে দিয়েছে আবাহনী লিমিটেড। এই জয়ে ১৪ ম্যাচে ৮ জয় আর ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে কিংসের সমান অবস্থানে চলে এল আকাশি-নীলরা। যদিও কিংস এক ম্যাচ কম খেলেছে, তবে টেবিলের লড়াইয়ে এখন কেউ কাউকে এক চুল ছাড় দিতে নারাজ।

ম্যাচটি যে এত দ্রুত মোড় নেবে, তা কেউ কল্পনাও করেনি। ঘড়ির কাঁটায় তখন মাত্র ৩৩ সেকেন্ড। মাঠের ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বক্সে ক্রস বাড়িয়েছিলেন আবাহনীর মিরাজুল ইসলাম। খুব একটা গতি ছিল না সেই শটে, গোলরক্ষক সুজন পেরেইরা অনায়াসেই সেটি ধরতে পারতেন। কিন্তু গোলরক্ষকের সামনে দিয়ে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনেন ডিফেন্ডার মিঠু চৌধুরী। তার পায়ে লেগে বল গড়িয়ে গড়িয়ে জালে জড়ালে স্তব্ধ হয়ে যায় ফর্টিস শিবির। আত্মঘাতী এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে লড়েছে ফর্টিস। বিশেষ করে ৪২ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট করেন গাম্বিয়ান মিডফিল্ডার ইসা জালো। গোলমুখে একদম ফাঁকায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে হেডে বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেন তিনি। পরের মিনিটে ওকাফোরকের শট আবাহনী ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে চলে গেলে হতাশায় ডোবে ফর্টিস। দ্বিতীয় হাফেও অনেক চেষ্টা করেছে তারা, কিন্তু পোস্টের নিচে চীনের দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন আবাহনী গোলরক্ষক মিতুল মারমা। তার দারুণ কিছু সেভে শুরু থেকে পাওয়া ১-০ ব্যবধানের লিড নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।

এই হারের ফলে ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ফর্টিস। আজ কিংস যদি ব্রাদার্স ইউনিয়নকে হারাতে পারে, তবে তারা আবারও এককভাবে শীর্ষস্থান পুনরুদ্ধার করবে। তবে আবাহনীর আজকের (গতকাল) এই জয় শিরোপার লড়াইকে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনায় ঠাসা রাখবে বলেই মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ফুটবল লিগে দিনের অপর ম্যাচে মানিকগঞ্জের শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে ঘটেছে বড় অঘটন। শক্তিশালী রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে রেলিগেশন জোন থেকে উঠে এসেছে আরামবাগ ক্রীড়া সংঘ। ৩ জয় ও ৪ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের আটে জায়গা করে নিয়েছে তারা। এতে করে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে অবনমন শঙ্কায় পড়ে গেল পিডব্লিউডি। অন্যদিকে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে পুরান ঢাকার রহমতগঞ্জ।

সময়ের আলো/আআ


  বিষয়:   ফর্টিস  বসুন্ধরা  কিংস  আবাহনী 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: