চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর গ্রামের আমেনা কলোনি এলাকায় পুকুরে ডুবে খালা-ভাগ্নের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সীমা আক্তার (৯) ও মো. আবদুল্লাহ (৫)। তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ছিল খালা-ভাগ্নে। জানা গেছে, সীমা সন্দ্বীপের আব্দুল মালেকের মেয়ে এবং আবদুল্লাহ ময়মনসিংহের বাসিন্দা মাসুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উভয় পরিবার আমেনা কলোনির একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে। শুক্রবার বিকেল চারটার দিকে বাসার পাশের পুকুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় দুই শিশু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলাউদ্দিন জানান, নতুন ভাড়াটিয়া হওয়ায় এলাকাবাসীর সঙ্গে তাদের তেমন পরিচয় ছিল না। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এদিকে শিশু দুটির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
/কেএইচও