প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘আমাদের একটি বড় লক্ষ্য হচ্ছে মানুষ ও অন্যান্য প্রাণীর ভ্যাকসিন নিয়ে কাজ করা। এ ক্ষেত্রে বায়োটেকনোলজি বা জৈবপ্রযুক্তি বড় ভূমিকা পালন করতে পারে।’
দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, চলমান কারিকুলামে ব্যবহারিক শিক্ষার অভাব রয়েছে। ফলে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানে বড় ডিগ্রি নিলেও কর্মজীবনে তেমন ভূমিকা রাখতে পারছেন না। আবার যারা দক্ষ হয়ে উঠছেন, তাদের একটি বড় অংশ দেশের বাইরে চলে যাচ্ছেন।
তিনি আরও বলেন, ‘স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দক্ষ জনশক্তির সরাসরি সংযোগ না থাকায় কর্মসংস্থানে সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের মেধাকে সরকারি সহযোগিতার মাধ্যমে কাজে লাগাতে হবে এবং গবেষণার জন্য আলাদা সেল তৈরি করতে হবে।’
/কেএইচও