বদলগাছীতে ৩৪টি বিদ্যালয়ের রাস্তা এখনও কাঁচা

রানা হামিদ, বদলগাছী (নওগাঁ)

সারাদেশ

নওগাঁর বদলগাছী উপজেলায় ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনও কাঁচা সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। বিশেষ করে বর্ষা মৌসুমে

2026-04-25T16:41:35+00:00
2026-04-25T16:41:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বদলগাছীতে ৩৪টি বিদ্যালয়ের রাস্তা এখনও কাঁচা
রানা হামিদ, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৪১ পিএম 
কাঁচা সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। ছবি : সময়ের আলো
নওগাঁর বদলগাছী উপজেলায় ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনও কাঁচা সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থী ও শিক্ষকদের। অনেক সময় দুর্ঘটনার শিকারও হতে হচ্ছে শিক্ষার্থীদের।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় আটটি ইউনিয়নে মোট ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সদর ইউনিয়নের ২৩টির মধ্যে ৮টি, মথুরাপুর ইউনিয়নের ১৭টির মধ্যে ৪টি, পাহাড়পুর ইউনিয়নের ১৮টির মধ্যে ৬টি, কোলাতে ১৮টির মধ্যে ৬টি, বিলাশবাড়ীতে ১২টির মধ্যে ২টি, আধাইপুরে ১৮টির মধ্যে ৫টি এবং বালুভরায় ১৩টির মধ্যে ৩টি বিদ্যালয়ের যাতায়াত সড়ক এখনও কাঁচা। তবে মিঠাপুর ইউনিয়নে কোনো বিদ্যালয়ের রাস্তা কাঁচা নেই। এসব সড়কের দৈর্ঘ্য সর্বনিম্ন ৩০ মিটার থেকে সর্বোচ্চ ২ কিলোমিটার পর্যন্ত।

সদর ইউনিয়নের ১০ নম্বর গোল্লা মাধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হলেও বিদ্যালয়ে যাওয়ার প্রায় ৪০০ মিটার রাস্তা এখনও কাঁচা। বর্ষাকালে এই বিদ্যালয়ে যেতে শিক্ষার্থী ও শিক্ষকদের দুর্ভোগ চরমে পৌঁছে।

গোল্লা গ্রামের অভিভাবক যতীশ চন্দ্র দেবনাথ বলেন, বর্ষায় ছোট ছোট শিশুদের হেঁটে স্কুলে আসা কঠিন হয়ে পড়ে। অনেক সময় মায়েরা কোলে করে সন্তানদের স্কুলে নিয়ে আসেন। শিক্ষকরা আধা কিলোমিটার দূরে সাইকেল বা মোটরসাইকেল রেখে হেঁটে আসেন। গ্রামবাসী চাঁদা তুলে রাবিশ ও ভাঙা ইট দিয়ে কোনোভাবে চলাচলের ব্যবস্থা করলেও জনপ্রতিনিধিদের কাছে বারবার বলা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান জানায়, বর্ষাকালে স্কুলে আসতে গিয়ে পা পিছলে পড়ে তার হাত ভেঙে যায়। প্রায়ই পড়ে গিয়ে বই-খাতা নষ্ট হয়। সে দ্রুত পাকা রাস্তা নির্মাণের দাবি জানায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আখতার বলেন, রাস্তার দুরবস্থার কারণে অনেক শিক্ষক এখানে আসতে অনাগ্রহী। একাধিকবার শিক্ষা অফিসে জানানো হলেও এখনও কোনো অগ্রগতি হয়নি।

এদিকে কামারবাড়ী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি যাতায়াত সড়কই কাঁচা ছিল। এর মধ্যে হাঁপানিয়া গ্রামের দিকের রাস্তাটি ছয় মাস আগে ইট দিয়ে সোলিং করা হলেও তা ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। স্থানীয়দের দাবি, বর্তমানে ওই সড়কটি আগের চেয়েও বেশি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জমজ দুই ভাই লব ও কুশ জানায়, বর্ষাকালে বিদ্যালয়ে আসতে গিয়ে বই-খাতা ভিজে যায় এবং জামাকাপড় নষ্ট হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, উপজেলায় ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক এখনও কাঁচা রয়েছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতে বিশেষ করে বর্ষা মৌসুমে বেশি সমস্যায় পড়তে হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ের কাঁচা সড়ক পাকা করার উদ্যোগ নেওয়া হবে।


  বিষয়:   নওগাঁ  বদলগাছী  সরকারি  প্রাথমিক  বিদ্যালয় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: