মোবাইল রিচার্জের ওপর অতিরিক্ত কর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি জানান, ১০০ টাকার রিচার্জে ৩৮ টাকা কর হিসেবে কেটে নেওয়া উচিত নয় এবং সরকার ইতোমধ্যে এই কর ও ভ্যাট কমানোর প্রক্রিয়া শুরু করেছে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে টেলিকম পলিসি বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রেহান আসিফ উল্লেখ করেন, গ্রাহকরা অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না, যা সংশ্লিষ্টদের ব্যর্থতা। দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভজি সেবার আওতায় আনা এবং অন্তত ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
উপদেষ্টা বলেন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল। এর সাথে ১৮ শতাংশ ভ্যাট এবং ১ শতাংশ সারচার্জ যুক্ত ছিল। পরবর্তীতে এনবিআর সম্পূরক শুল্ক আরও ৩ শতাংশ বৃদ্ধি করায় বর্তমানে গ্রাহকদের ১০০ টাকা রিচার্জে বড় একটি অংশ কর হিসেবে দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের ওপর এই করের বোঝা কমিয়ে আনা প্রয়োজন। একইসঙ্গে দ্রুতগতির ইন্টারনেট সেবা এবং উন্নত টেলিকম নেটওয়ার্ক নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
/কহু