নরসিংদীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি প্রথমে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের মিড ডে মিলের মান পর্যবেক্ষণ করেন এবং শ্রেণিকক্ষে শিশুদের পড়ালেখার অবস্থা ঘুরে দেখেন। এ সময় খাবারের মান নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
খাবারের মানের উন্নতি না হলে কার্যাদেশ বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বনরুটিতে গন্ধ সন্দেহজনক হওয়ায় দুইটি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বিদ্যালয়ে সরবরাহ করা মিড ডে মিলের খাবার পর্যবেক্ষণে কিছু ত্রুটি পাওয়া গেছে। শিশুদের জন্য দেওয়া খাবারে যেন কোনো ধরনের সমস্যা না থাকে, সে জন্যই সারা দেশে এ পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি শিশুদের লেখাপড়ার অবস্থাও পর্যবেক্ষণ করা হয়েছে।
তিনি আরও বলেন, খাবারের মান নিয়ে যত অভিযোগ পাওয়া যাচ্ছে, তা আমি নিজেই পরিদর্শন করছি। বিষয়টি নিয়ে মন্ত্রিসভা উদ্বিগ্ন এবং আমরা কঠোরভাবে মনিটরিং করছি। প্রয়োজনে পুরো কাঠামো পরিবর্তন করা হবে। অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করে খাবারের ধরনেও পরিবর্তন আনার চেষ্টা চলছে, যাতে তা নষ্ট না হয়।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে ইংলিশ ও আইভি মিডিয়ামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাথমিক ও গণশিক্ষার কারিকুলাম পুনর্গঠন করা হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রাসেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।