রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারান আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারী। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কমলাপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে মৃত নারীর স্বামী আব্দুল মমিন ভুইয়া জানান, ঢাকার দক্ষিণ খান মোল্লারটেক এলাকায় তাদের নিজেদের বাড়ি। তাদের তিন মেয়ে। এক মেয়ের শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জে। সকালে মেয়ের শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর থেকে ট্রেন যোগে কমলাপুর স্টেশনে আসি। সেখান থেকে অন্য একটি ট্রেনে করে নারায়ণগঞ্জে যাবো। ট্রেনটি ছেড়ে দিচ্ছিলো, তখন তাড়াহুড়া করে উঠতে গিয়ে পা পিছলে প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে ট্রেনে কাটা পরে তার স্ত্রী। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, সকালে কমলাপুর স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক নারী মারা গেছেন। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
/কহু