নড়াইল পৌরসভার বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে দেড় বছরের শিশুসহ পলি বেগম (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন ওই নারী।
নিহত পলি বেগম নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের নূর ইসলাম ভুঁইয়ার স্ত্রী। আর দেড় বছর বয়সি নিহত শিশুটির নাম ফুরকান।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, নিহত ওই গৃহবধূ স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চাইছিলেন ট্রেন কখন আসবে। পরে ট্রেন আসার আগেই ওই নারী নিজের কোলে থাকা শিশুকে নিয়ে চিত্রা নদীতে রেলসেতুর ওপর উঠে পড়েন। পরে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই নারী তার কোলে থাকা শিশুসন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন। তদন্তপূর্বক মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এফআর