ইলিশের পোনা জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা চলাকালে জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্য এবার বিশেষ খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। এর আওতায় চাঁদপুরের জাটকা প্রবণ এলাকার সাড়ে ৮ হাজার জেলে এই সহায়তা পাবেন। শনিবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি জানান, গত বছরগুলোতে জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের ৪ মাসে ৪০ কেজি করে মোট ১৬০ কেজি চাল খাদ্য সহায়তা (বিজিএফ) দেওয়া হতো। তবে এবার চালের পাশাপাশি অতিরিক্ত খাদ্য সামগ্রী যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, জেলার ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় প্রায় অর্ধলক্ষাধিক নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় এ বছর ৩৯ হাজার ৪০০ জেলেকে ৪ মাসে ১৬০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম দুই মাসের কিস্তি বিতরণ সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় কিস্তি সদর উপজেলায় বিতরণ শুরু হয়েছে।
এছাড়া এবার পদ্মা-মেঘনার জাটকা প্রবণ এলাকার সাড়ে ৮ হাজার জেলের জন্য ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিশেষ খাদ্য সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এপ্রিল মাসের মধ্যে এসব সহায়তা বিতরণ সম্পন্ন হবে বলে জানানো হয়।
বিশেষ এই খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১০ লিটার সয়াবিন তেল, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ এবং ৮ কেজি মসুর ডাল।
স্থানীয় জেলেরা দীর্ঘদিন ধরে এক মাসে ৪০ কেজি চাল দিয়ে সংসার চালানো কঠিন বলে দাবি করে আসছিলেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে সরকার এবার খাদ্য সহায়তার পরিমাণ ও ধরনে পরিবর্তন এনেছে বলে সংশ্লিষ্টরা জানান।