পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় সাইবার নিরাপত্তা আইনে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নাম নিশাদ ইসলাম।
শনিবার (২৫ এপ্রিল) পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটক নিশাদ ইসলাম দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিশাদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যের ফটোকার্ড শেয়ার করেন। পোস্টে তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য যুক্ত করেন।
মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হলেও ততক্ষণে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। এর পরপরই অভিযান চালিয়ে নিশাদ ইসলামকে আটক করে পুলিশ।
জানতে চাইলে ঘটনার নিন্দা জানিয়ে দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু বলেন, সামাজিক মাধ্যমে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার কোনোভাবেই কাম্য নয়। এটি জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি অপচেষ্টা। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ওসি সেলিম মালিক জানান, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, আটক যুবকের অন্য কোনো আইডি থেকে এ ধরনের কার্যক্রম চালানো হতো কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এফআর