আগামী ৮ মে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। এর আগে গত বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েও সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। অবশেষে সম্প্রতি হঠাৎ ট্রেলার প্রকাশ করে ঘোষণা করা হয় মুক্তির নতুন তারিখ।
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি হিসেবে হাজির হচ্ছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা নিয়ে তৈরি হয়েছে সর্দারবাড়ির খেলা। পর্দায় উঠে আসবে লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনি। বানিয়েছেন রাখাল সবুজ। এটি নির্মাতার প্রথম সিনেমা। এতে রোশান-বুবলী ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম প্রমুখ।
সিনেমাটির ট্রেলারে দেখা গেছে, নামকরা লাঠি খেলোয়াড় রোশান। কিন্তু অভাবের সংসারে জীবন চালাতে হিমশিম খেতে হয় তাকে। আসগরের কাছে ঘরের পাতিল বন্ধক রেখে টাকা নেয় সে। তবে আসগরের চোখ পড়ে রোশানের স্ত্রী তরুলতার ওপর। একসময় টাকা উপার্জনের জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয় তরুলতা। কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাকে বিক্রি করে দেয় দালালরা। এ চরিত্রে আছেন শবনম বুবলী।
২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পায় সর্দারবাড়ির খেলা। পরবর্তী সময়ে সিনেমাটির নাম রাখা হয় ‘পুলসিরাত’। কিন্তু বাদসাধে প্রিভিউ কমিটি। আপত্তির মুখে আগের নামে ফিরে আসেন নির্মাতা। পরিবেশক সংস্থা টাইগার মিডিয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ট্রেলার প্রকাশ করা হলেও অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজক কেউই সামাজিক যোগাযোগের মাধ্যমে সিনেমার ট্রেলার শেয়ার করেননি।
সময়ের আলো/আআ