স্লো ব্যাটিংয়ের খেসারত সিরিজ হাতছাড়া জ্যোতিদের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

হাতে ছিল ভালো শুরু, সুযোগ ছিল লড়াই করার মতো পুঁজি করার। কিন্তু মাঝের ওভারের ধীরগতির ব্যাটিং আর সুযোগ কাজে লাগাতে

2026-04-26T04:48:18+00:00
2026-04-26T04:48:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
স্লো ব্যাটিংয়ের খেসারত সিরিজ হাতছাড়া জ্যোতিদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:৪৮ এএম 
সুলতানা জ্যোতি। সংগৃহীত ছবি
হাতে ছিল ভালো শুরু, সুযোগ ছিল লড়াই করার মতো পুঁজি করার। কিন্তু মাঝের ওভারের ধীরগতির ব্যাটিং আর সুযোগ কাজে লাগাতে না পারার মূল্যটাই শেষ পর্যন্ত চুকাতে হলো বাংলাদেশ নারী দলকে। সিরিজ নির্ধারণী ম্যাচে হেরে সিরিজও হাতছাড়া করল নিগার সুলতানা জ্যোতির দল।

রাজশাহীতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও পরের দুই ম্যাচে হেরে ২-১ ব্যবধানে সিরিজ খোয়াতে হলো স্বাগতিকদের। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। জবাবে ২১ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

বাংলাদেশের ইনিংসে শুরুটা ছিল মোটামুটি ভালো। দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানা শুরুটা দেখেশুনেই করেন। তবে সেট হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। ফারজানা ১১ ও শারমিন ১৭ রান করে ফিরলে ৩৪ রানেই দুই ওপেনার হারিয়ে চাপে পড়ে দল।

এরপর শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মিলে ইনিংস গড়ার চেষ্টা করেন। শারমিন আক্তার ৩৬ বলে ২৫ রান করে ফিরে গেলেও জ্যোতি উইকেটে থেকে যান অনেকক্ষণ। কিন্তু তার ব্যাটিংয়ের গতি নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

৯০ বল খেলে মাত্র ৪০ রান করেছেন জ্যোতি। ইনিংসের বড় সময়জুড়ে ডট বল খেলে রানরেটের ওপর চাপ তৈরি করেন তিনি। উইকেটে তখন তেমন চাপ না থাকলেও গিয়ার বদলাতে না পারায় দলের সংগ্রহ বড় করা সম্ভব হয়নি।

একই উইকেটে যেখানে জ্যোতি রান তুলতে হিমশিম খাচ্ছিলেন, সেখানে দারুণ সাবলীল ছিলেন সোবহানা মোস্তারি। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে দলের রান এগিয়ে নেন তিনি। ৬০ বলে ফিফটি পূর্ণ করার পর আরও আক্রমণাত্মক হয়ে উঠেন। শেষ পর্যন্ত ৮০ বলে ৭৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সোবহানা। শেষ দিকে রিতু মনি ১৬ বলে ২০ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। তবে সব মিলিয়ে ২১৩ রান প্রতিপক্ষের জন্য খুব একটা চ্যালেঞ্জিং লক্ষ্য হয়ে উঠেনি। 

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ১৯ রানে অধিনায়ক চামারি আতাপাত্তুকে হারায় তারা, যিনি করেন মাত্র ১০ রান। কিন্তু এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় হাসিনি পেরেরা ও ইমেশা দুলানির জুটি। দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটার মিলে গড়েন ১০৮ রানের বড় জুটি, যা কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। এরপর আসে ৭৮ রানের আরেকটি জুটি। ফলে ৭ উইকেট হাতে রেখেই সহজ জয় পায় শ্রীলঙ্কা।

ম্যচ শেষ হতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি দল ঘোষণা করে বিসিবি। এই দল নিয়েও আছে আলোচনা। কারণ না খেলেই বাদ পড়েছেন ফারজানা। এই অভিজ্ঞ এই ব্যাটারের জায়গায় এসেছেন শারমিন সুলতানা।

বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার, শারমিন সুলতানা, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্লো  ব্যাটিং  খেসারত  সিরিজ  হাতছাড়া  জ্যোতি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: