মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার চলাকালীন অনুষ্ঠানস্থলের বাইরে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠানে বন্দুক হামলার শব্দ পাওয়ার পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
ঘটনার সময় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি হোটেলের বলরুমে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, অনুষ্ঠান শুরুর ঠিক আগমুহূর্তে হোটেলের প্রবেশপথের কাছে অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত অতিথিরা প্রাণভয়ে টেবিলের নিচে আশ্রয় নেন। আল জাজিরার একজন প্রযোজক জানান, গুলির শব্দের পরপরই সেখানে বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছিল।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। ফার্স্ট লেডি ও ভাইস প্রেসিডেন্টও অক্ষত রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে নির্ধারিত এই অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করে আগামী ৩০ দিনের মধ্যে তা পুনরায় আয়োজন করার কথা জানান তিনি।
ইউএস সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, হোটেলের স্ক্রিনিং এরিয়ার কাছে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই তারা এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে। তবে এই ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন বা পরিস্থিতির গভীরতা কতটুকু, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার প্রাণঘাতী হামলার লক্ষ্যবস্তু হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যার মধ্যে ২০২৪ সালের একটি ঘটনায় তিনি কানে গুলিবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে যান। আজকের এই ঘটনার পর হোয়াইট হাউস থেকে শীঘ্রই একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
/কহু