মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার অনুষ্ঠানে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে হওয়া এই অনুষ্ঠানে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে অস্ত্রসহ আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন (৩১)। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরে বসবাস করতেন। তার নামে থাকা একটি লিংকডইন প্রোফাইলে দেখা গেছে, তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে সি-২ এডুকেশন নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তাকে 'টিচার অব দ্য মান্থ' ঘোষণা করেছিল।
প্রোফাইল অনুযায়ী, তিনি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, ডমিঙ্গেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্রাবস্থায় হুইলচেয়ারের জন্য জরুরি ব্রেকের একটি প্রোটোটাইপ তৈরি করে ২০১৭ সালে স্থানীয় সংবাদমাধ্যমে আলোচনায় আসেন তিনি।
ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য বলছে, ২০২৪ সালের অক্টোবরে তিনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার অনুদান দেন।
এ ছাড়া, তিনি নিজেকে একজন ভিডিও গেম ডেভেলপার হিসেবেও পরিচয় দেন। তার তৈরি ‘বোরডোম’ নামের একটি ইন্ডি গেম স্টিম প্ল্যাটফর্মে বিক্রির জন্য প্রকাশিত হয়েছে।
/ইউএমএইচ