ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বার্ষিক ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে’ হামলাকারী কোল অ্যালেন একটি ‘জাতীয় ট্র্যাজেডি’ বা শোকাবহ ঘটনা তৈরির অপচেষ্টা চালিয়েছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন সিক্রেট সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ম্যাথিউ কুইন। শনিবার (২৫ এপ্রিল) রাতের এই ভয়াবহ হামলার ঘটনায় একজন সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হয়েছেন।
এক বিবৃতিতে ম্যাথিউ কুইন বলেন, শনিবার রাতে এক কাপুরুষ একটি জাতীয় ট্র্যাজেডি তৈরির চেষ্টা করেছিল। সে সিক্রেট সার্ভিসের সুরক্ষা ক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল এবং প্রথম কন্ট্যাক্টেই তাকে থামিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও যোগ করেন, তাদের বহুমুখী নিরাপত্তা ব্যবস্থার দৃঢ়তা এই ঘটনায় স্পষ্ট হয়েছে এবং হামলাকারীর সামনে আরও অনেকগুলো নিরাপত্তা ধাপ সক্রিয় ছিল।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীর গুলিতে সিক্রেট সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয় এবং তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওই এজেন্ট ছাড়া অন্য কোনো অতিথি বা কর্মকর্তা এই ঘটনায় আহত হননি।
গুলির শব্দ শোনা মাত্রই সিক্রেট সার্ভিস এজেন্টরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ধরে একটি মানবঢাল তৈরি করেন এবং দ্রুত তাকে অনুষ্ঠানস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এ সময় হোটেলের বলরুমে থাকা প্রায় ২৬০০ অতিথির মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রয়টার্সের প্রকাশিত ছবিতে আমন্ত্রিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা গেছে।
হামলাকারী কোল অ্যালেনকে (৩১) বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এফবিআই এবং সিক্রেট সার্ভিস যৌথভাবে এই নজিরবিহীন হামলার তদন্ত করছে। ঘটনার পর স্থগিত হওয়া এই ডিনার অনুষ্ঠানটি আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
/কহু