দেশজুড়ে আবারও বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, পঞ্চগড়, বগুড়া ও নাটোর জেলার পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, এদিন বজ্রপাতে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, পঞ্চগড়ে একজন, বগুড়ায় একজন এবং নাটোরে আরও একজন নিহত হয়েছে।
বজ্রের নির্মম আঘাতে গাইবান্ধায় নিভল ৫ প্রাণ
সকাল থেকেই গাইবান্ধার আকাশে জমেছিল কালো মেঘ, দুপুর গড়াতেই শুরু হয় দমকা হাওয়া, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। কোথাও মানুষ ঘরে ফেরার তাড়ায়, কোথাও খোলা মাঠে শেষ মুহূর্তের কাজ সারার ব্যস্ততা। কিন্তু বৈশাখের এই বৃষ্টিই মুহূর্তের মধ্যে রূপ নেয় মর্মান্তিক ঘটনায়।
জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। একই সঙ্গে মারা গেছে একটি গরু ও একটি ঘোড়া।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। আহত হয়েছেন আব্দুল হাই মিয়ার ছেলে শামীম (১৮)। একই ঘটনায় একটি গরু মারা গেছে।
একই দিনে জেলার ফুলছড়ি উপজেলাতেও বজ্রপাত কেড়ে নিয়েছে আরও এক তরুণের প্রাণ। উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরে বজ্রপাতে মারা যান শুক্কুর আলীর ছেলে মানিক হোসেন (২২)। বজ্রপাতে তার ঘোড়াটিও মারা যায়।
পরিবারের সদস্যরা জানান, বৃষ্টির সময় তিনি বাইরে থাকাকালে হঠাৎ বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে বজ্রপাতে মারা গেছেন নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধ।
স্থানীয় সূত্র জানায়, বিকেল তিনটার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশেই ছাগল দেখতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু
জেলার তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে এসব মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে।
একই দিন বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় বজ্রপাতে হাসান শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত হাসান শেখ ওই এলাকার আব্দুল হালিম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ জমিতে কাটা ধান এক পাশে জড়ো করছিলেন হাসান। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জামালপুরে বজ্রপাতে নারীসহ ২ জন
তীব্র তাপদাহের পর হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে জামালপুরে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেলে পৃথক ২ উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গৃহবধূ মর্জিনা বেগম (২২) ও হাসমত আলী হাসু (৪৫)।
জানা গেছে, ঝড়ের সময় মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কড়ইচুড়া গ্রামে মর্জিনা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের রাজিবের স্ত্রী। এসময় শেফালী (২৮) নামে আরেক নারী আহত হন।
অপরদিকে, জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চরযথার্থপুর গ্রামে বজ্রপাতে হাসমত আলী হাসু (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই গ্রামের হাবিব মণ্ডলের ছেলে।
এলাকাবাসী জানান, হঠাৎ ঝড় শুরু হলে হাসু মাঠ থেকে গরু নিয়ে আসার সময় বজ্রপাতের শিকার হন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। আহতরা হলেন- আনোয়ার (৩৪), শাওন (২৫), সেফালী (২৭) ও সুখি (১৪)।
পঞ্চগড় বজ্রাঘাতে চা শ্রমিকের মৃত্যু
রোববার (২৬ এপ্রিল) সকালে পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার সোনাপাতিলা এলাকায় চা-বাগানে পাতা উত্তোলনের সময় বজ্রাঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সোহরাওয়ার্দী (২৫)। এ সময় আহত হয়েছেন মোস্তফা কামাল (৪৬) ও জাহিরুল ইসলাম (৪২) নামে আরও দুই শ্রমিক।
নিহত সোহরাওয়ার্দী ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।
ছাগল আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
বগুড়ার গাবতলীতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৪টার দিকে এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় সুমন বাড়ির পাশের একটি জমিতে থাকা নিজের ছাগল আনতে যান। জমিতে পৌঁছানোর পর হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
নাটোরের সিংড়া উপজেলায় বোরো ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সম্রাট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে। তিনি সম্প্রতি ১৫-২০ জনের একটি শ্রমিক দলের সঙ্গে সিংড়া এলাকায় মৌসুমি শ্রমিক হিসেবে ধান কাটতে এসেছিলেন।
এর আগে, গত ১৮ এপ্রিলও দেশের ছয় জেলায় বজ্রপাতে একদিনে ১২ জন নিহত হন।
এফআর